হিংসা নয়, উন্নয়ন ও ঐক্যের রাজনীতির আহ্বান ডা. জাহিদের
ছবি: সংগৃহীত
০৬:০৭ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এজেডএম জাহিদ হোসেন বলেছেন, হিংসা, বিদ্বেষ মনোমালিন্য নয়, এখন শুধু সামনের দিকে এগিয়ে চলা। ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আগামীর দিনে শক্তিশালী একটি জাতি হিসেবে বাংলাদেশকে ও বিএনপিকে জনগণের মাঝে একটি সুশাসনের দল হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের এখন প্রধান লক্ষ্য।
শুক্রবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার মতিহারাতে নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘জনগণ আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে তার জন্য আমি কৃতজ্ঞ। এই বিজয় ব্যক্তি জাহিদের নয়, এটি ধানের শীষের বিজয় এটি জনগণের বিজয়, জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন আমাদের মূল দায়িত্ব।
ডা. জাহিদ আরও বলেন, ‘আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে সেই সরকারের মাধ্যমেই দিনাজপুর ৬ আসনের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পর্যায়ে করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।শিক্ষা স্বাস্থ্য কৃষি ও অবকাঠামো উন্নয়নের বিশেষ গুরুত্ব দেয়া হবে এই অঞ্চলকে কীভাবে উন্নয়নে রাঙানো যায়, সেই লক্ষ্য আমরা সম্মিলিতভাবে পরিকল্পনা নিয়ে কাজ করব।’
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘বিজয়ের উচ্ছ্বাসে কেউ যেন প্রতিহিংসার পথে না হাটে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি শক্তিশালী গণমুখী ও সুশাসন ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই।’
নির্বাচিত হওয়ার পর শুক্রবার সকাল থেকেই তার বাসভবনে ভিড় করেন শত শত নেতাকর্মী ও সমর্থক। তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টি মুখের আয়োজন করা হয়। এসময় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
আইকে/টিএ