© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সত্যিই কি পরিণতি পাচ্ছে ধানুশ-ম্রুণালের প্রেমের গুঞ্জন

শেয়ার করুন:
সত্যিই কি পরিণতি পাচ্ছে ধানুশ-ম্রুণালের প্রেমের গুঞ্জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০১ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
দক্ষিণী সুপারস্টার ধনুষ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম ছিল শোবিজ অঙ্গন। বয়সের ব্যবধান পেরিয়ে তাদের প্রেম নাকি গড়িয়েছে বিয়ের দিকেই—এমন গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়ে ভক্তমহলে। বিশেষ করে ভালোবাসা দিবসকে ঘিরে শোনা যাচ্ছিল, ঘরোয়া আয়োজনে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন এই তারকা জুটি। তবে সেই জল্পনার মাঝেই অবশেষে মুখ খুললেন ম্রুণাল নিজেই।

গত দেড় বছর ধরেই ধনুষের সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠতা নিয়ে কানাঘুষো চলছিল। বিভিন্ন অনুষ্ঠানে তাদের উপস্থিতি, পারস্পরিক বোঝাপড়া—সব মিলিয়ে সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়। এমনকি সহশিল্পীদের রসিক মন্তব্যও সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করে। শোনা যাচ্ছিল, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে নিরিবিলি পরিবেশেই নাকি মালাবদল সারবেন তারা।

যদিও শুরু থেকেই ধনুষ ও ম্রুণাল দুজনেই নিজেদের ‘শুধু বন্ধু’ বলেই দাবি করে এসেছেন। কিন্তু তারকাদের ব্যক্তিজীবন নিয়ে জল্পনা কি আর থেমে থাকে! বিশেষ করে ভালোবাসা দিবস ঘিরে বিয়ের গুঞ্জন নতুন করে উসকে ওঠে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানান ম্রুণাল ঠাকুর। বিয়ে প্রসঙ্গে নিজের ভাবনা জানিয়ে তিনি বলেন, বিয়ে শুধুমাত্র সামাজিক বাধ্যবাধকতা নয়। জীবনের সঠিক সময়ে সঠিক মানুষকে খুঁজে পাওয়াটাই আসল। এমন একজন সঙ্গী, যার ওপর ভরসা করা যায়, যার সঙ্গে স্বস্তিতে থাকা যায়, যার নীরবতাও বিরক্তিকর মনে হয় না—তেমন মানুষকে পেলেই বিয়ে করা উচিত বলে মনে করেন তিনি।



ধনুষের সঙ্গে বিয়ের নির্দিষ্ট দিনের গুঞ্জন প্রসঙ্গে অবশ্য রসিকতার সুরেই জবাব দেন অভিনেত্রী। হাসতে হাসতেই বলেন, “আজ গায়ে হলুদ, কাল সঙ্গীত—আপনারা কিন্তু না খেয়ে যাবেন না!” পরে মজা করেই যোগ করেন, নিজের বিয়ে ঠিক হয়ে গেল আর তিনি নিজেই জানলেন না—এমন গল্প শুনে তার বেশ হাসিই পাচ্ছে।

ম্রুণাল আরও স্পষ্ট করে জানান, জীবনের গুরুত্বপূর্ণ কোনও অনুভূতি তিনি কখনও লুকিয়ে রাখেননি। তাই বিয়ের মতো বড় সিদ্ধান্ত নিলে সেটিও গোপন রাখবেন না, সবাইকে জানিয়েই করবেন।

বর্তমানে তিনি সহশিল্পী সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে নতুন সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কাজের ফাঁকেই বিয়ের গুঞ্জন নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা সরিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী। ফলে আপাতত ধনুষ-ম্রুণালের বিয়ের খবর যে নিছকই গুজব—সেই বার্তাই মিলল তার বক্তব্যে।

মন্তব্য করুন