নির্বাচিত হওয়ার পরই কাঁচাবাজারে গিয়ে চাঁদা না দেওয়ার নির্দেশ মাজেদ বাবুর
ছবি: সংগৃহীত
০৮:১১ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। নির্বাচিত হওয়ার ঘোষণার পরই কাঁচাবাজারে এসে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাউকে চাঁদা না দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
এমন ব্যতিক্রমী জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
স্থানীয়রা জানায়, ঈশ্বরগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন উপজেলা দলটির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
নিকটতম প্রতিদ্বন্দ্বীকে প্রায় ৬০ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে এমপি নির্বাচিত হন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ঘোষণা হলেও আজ শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছ থেকে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার কাগজপত্রগ্রহণ করে সরাসরি নিজ এলাকায় আসেন।
নির্বাচনে প্রতিশ্রুতির অংশ হিসেবে চাঁদাবাজি বন্ধে তিনি সদরে অবস্থিত কাঁচাবাজারে প্রবেশ করেন। এ সময় সব ব্যবসায়ীর কাছে গিয়ে চাঁদা না দিতে নির্দেশ দেন।
এ সময় বাবু বলেন, এখন থেকে কাউকে চাঁদা দেবেন না। কেউ চাঁদা নিতে এলে বলবেন বাবু ভাইয়ের নিষেধ চাঁদা দেব না।
জানা যায়, এর আগে প্রায় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিনই নির্দিষ্ট পরিমাণের টাকা আদায় করে আসছিল একটি চক্র।
এসকে/এসএন