আমার নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে ছাড় দেয়া হবে না: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত
০৯:০৬ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা উপজেলা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নির্বাচনের সময় জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি পালন করা হবে। আমার নাম ভাঙিয়ে কেউ কোনো অন্যায় কাজ করলে তাকে ছাড় দেয়া হবে না। আমি সত্যর পথে আছি, মৃত্যুর আগের দিন পর্যন্ত সত্যর পথেই থাকবো।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন শামা ওবায়েদ।
দলীয় নেতাকর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়ার ফলেই আমি বিপুল ভোটে বিজয় অর্জন করেছি। এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি নগরকান্দা ও সালথার প্রতিটি মানুষের বিজয়। কৃষক, শ্রমিক, দিনমজুর, ব্যবসায়ী, তরুণ-তরুণী, মা-বোন ও আপনারা যে বিশ্বাস আমার ওপর রেখেছেন, আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখার অঙ্গীকার করছি। এই বিজয় উল্লাসের নয়, এটি দায়িত্বের। আজ থেকে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। দলমত নির্বিশেষে নগরকান্দা ও সালথার প্রতিটি মানুষ আমার আপনজন। আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব-ইনশাআল্লাহ।’
সব নেতাকর্মী, স্বেচ্ছাসেবক, সমর্থক এবং নিরপেক্ষ ভোটারদের প্রতি- যারা শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা বিভাজন নয়, ঐক্যের রাজনীতি করি। ভয় নয়, বিশ্বাসের রাজনীতি করি। ক্ষমতার নয়, মানুষের রাজনীতি করি। নগরকান্দা ও সালথার উন্নয়ন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষাই হবে আমার অগ্রাধিকার। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
শামা ওবায়েদ বলেন, ‘এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। কারো ওপর কোনো অন্যায় করা যাবে না। নির্বাচনের বিষয় নিয়ে এলাকায় কোনো সংঘাত করা যাবে না। সকলে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। সালথা ও নগরকান্দা উপজেলা দেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।’
এমআর/এসএন