হামিদুর রহমানের ১০০ দিনের রূপরেখায় পরিবর্তনের বার্তা
ছবি: সংগৃহীত
১০:৪৯ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
গ্যাস সংকটের স্থায়ী সমাধান, জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, ভাঙাচোরা রাস্তা পুনর্নির্মাণ, সরু গলির উন্নয়ন ও যানজট কমাতে পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনায় ‘১০০ দিনের কর্মপরিকল্পনা’ ঘোষণা করেছেন হামিদুর রহমান হামিদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত বিজয়ী এই প্রার্থী জনগণের জীবনযাপনে সার্বিক মান উন্নয়নে এ রূপরেখা তুলে ধরেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক সাক্ষাতকারে হামিদুর রহমান বলেন, আমি বাইরের কেউ নই। এই অলিগলি, ধুলোবালি, মানুষের হাসি-কান্নার মধ্যেই আমার বেড়ে ওঠা। রাজনীতি ব্যক্তিগত লাভের জন্য নয়—জনকল্যাণের জন্য। প্রতিটি ভোট আমার কাছে আমানত।
‘১০০ দিনের কর্মপরিকল্পনা’ সম্পর্কে হামিদ বলেন, আমার প্রকৃত খুশি হবে তখনই, যখন পুরান ঢাকার মানুষ দৃশ্যমান পরিবর্তন দেখবেন। আমি কথা দিয়ে কথা রাখার রাজনীতিতে বিশ্বাস করি। নির্বাচিত না হলেও মানুষের সঙ্গে থাকতাম। এখন নির্বাচিত হয়ে দায়িত্ব আরও বেড়ে গেছে।
ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার ব্যাপারে তিনি বলেন, পুরান ঢাকা দেশের অন্যতম বাণিজ্যকেন্দ্র। এখানে কোনো দোকানদার চাঁদা দেবে না, কোনো ব্যবসায়ী ভয়ে থাকবে না। পাশাপাশি মাদকবিরোধী সামাজিক ও প্রশাসনিক উদ্যোগ জোরদারের কথাও উল্লেখ করেন তিনি।
ঢাকা-৭ আসনে ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী মো. এনায়েত উল্লাহ পেয়েছেন ৯৮ হাজার ৪৮৩ ভোট। জয়-পরাজয়ে ব্যবধান ৬ হাজার ১৮৩ ভোট। ফল ঘোষণা করেন ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
এসকে/এসএন