বিনয় হোক বিজয়ের অলংকার : সালাহউদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত
১১:২০ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে ভূমিধস বিজয় অর্জন করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিজয়ী হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, বিনয় হোক বিজয়ের অলংকার। বিজয় আমাদের উদ্ধত করে না, বরং দায়বদ্ধ করে তোলে।
পোস্টে দেশ ও দেশের ভবিষ্যৎ রাজনীতিতে সৌহার্দ্যপূর্ণ আচরণ গড়ে ওঠা, গণতান্ত্রিক পদযাত্রায় দেশকে এগিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন সালাহউদ্দিন।
তিনি লেখেন, আপনাদের অদম্য সাহস, ত্যাগ এবং দীর্ঘ সংগ্রামের ফসল এই বিজয়। এটি কেবল একটি নির্বাচনী ফলাফল নয়, এটি জনগণের স্বাধিকার ও হারানো মর্যাদা পুনরুদ্ধারের এক ঐতিহাসিক দলিল।
বিএনপির এই নেতা আরো লেখেন, ভোটের এই কঠিন লড়াইয়ে আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি সফল হয়েছি। এই বিজয় শুধু আমার নয়, এটি আমাদের সবার।
যারা আমাকে বিশ্বাস করেছেন, পাশে থেকেছেন, দিন-রাত পরিশ্রম করেছেন এবং মূল্যবান ভোট দিয়ে আস্থা রেখেছেন, প্রতিটি ভোটারের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।
তিনি লেখেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব, ইনশাআল্লাহ। আমাদের এই ঐক্য ও পারস্পরিক বিশ্বাস অটুট থাকুক। এই মাহেন্দ্রক্ষণে কোনো প্রকার কৃত্রিম উন্মাদনায় না মেতে মহান রবের দরবারে সেজদাবনত হয়ে শুকরিয়া আদায় করি।
আমাদের প্রার্থনা হোক, অহংকার যেন আমাদের স্পর্শ না করে, ক্ষমতা যেন আমাদের মোহাচ্ছন্ন না করে, বরং জনসেবার একনিষ্ঠ মানসিকতাই হোক আমাদের চারিত্রিক ভূষণ।
রাজনৈতিক প্রতিযোগিতার অধ্যায় আজ সমাপ্ত—এমন মন্তব্য করে তিনি লিখেন, এখন সময় একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রদর্শিত রাজনৈতিক সৌজন্য ও অভিনন্দন বার্তাকে আমি সাধুবাদ জানাই। রাজনীতির ময়দানে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যের এই সংস্কৃতি অব্যাহত থাকুক, এটাই আমাদের একান্ত কামনা।
সালাহউদ্দিন আহমদ লেখেন, ১৯৭১ সালের অবিনাশী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে আরো সমৃদ্ধ, স্বনির্ভর ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
একইসঙ্গে, ২০২৪ সালের ছাত্র-জনতার মহিমান্বিত গণ-অভ্যুত্থানের শহীদদের পবিত্র রক্ত ও আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রাখা আমাদের জাতীয় দায়িত্ব। সেই অমর শহীদদের স্বপ্নের ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
গণতান্ত্রিক এই নতুন পদযাত্রায় যারা শ্রম, মেধা ও সাহস দিয়ে পাশে ছিলেন, আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা। সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে মতাদর্শিক ভিন্নতা থাকবে, সুস্থ বিতর্ক থাকবে, কিন্তু দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা হবো এক ও অবিভাজ্য।
টিজে/টিএ