মাগুরায় ৩০ বছর পর বিজয়ী বিএনপির মনোয়ার হোসেন
ছবি: সংগৃহীত
১১:৪০ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন মাগুরা জেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন খান। প্রায় ৩০ বছর পর এই আসনে কোনো বিএনপি প্রার্থী বিজয়ী হলেন, তা-ও আবার বড় ব্যবধানে।
সংসদীয় আসন ৯১, মাগুরা-১ আসনে ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির মেজর জেনারেল (অব.) এম এ মতিন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে এই আসনে বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) মজিদ উল হক সংসদ সদস্য নির্বাচিত হন।
এর পর থেকে টানা তিন দশক আসনটি ছিল আওয়ামী লীগের দখলে।
সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান নির্বাচিত হয়েছিলেন।
এবারের নির্বাচনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হয়েছে বিএনপির মনোয়ার হোসেন খান ও জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল মতিনের মধ্যে। ধানের শীষ প্রতীকে মনোয়ার হোসেন খান পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুল মতিন পেয়েছেন ৮৮ হাজার ৩৬ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে মো. নাজিরুল ইসলাম হাতপাখা প্রতীকে ১৩ হাজার ৩৩৫ ভোট, জাকির হোসেন মোল্লা লাঙ্গল প্রতীকে ১ হাজার ৭২৫ ভোট, শম্পা বসু মই প্রতীকে ১ হাজার ১৮৫ ভোট, কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে ৮০৬ ভোট এবং মো. খলিলুর রহমান ট্রাক প্রতীকে ২৮৬ ভোট পেয়েছেন।
জয়ের পর মনোয়ার হোসেন খান বলেন, ‘মাগুরা-১ আসনটি বিগত ৩০ বছর ধরে আওয়ামী লীগের দখলে ছিল। এবারের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট দিয়েছেন।
তিনি সকলকে সঙ্গে নিয়ে আধুনিক ও উন্নত মাগুরা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।’
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৩০ হাজার ৭৭৬ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ১২৯ জন এবং মহিলা ভোটার ২ লাখ ১৩ হাজার ১১৬ জন।
টিজে/টিএ