© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যক্তিগত ভিডিও ফাঁস, আইনি পদক্ষেপ নিয়ে হুঁশিয়ার করলেন আলিনা আমির

শেয়ার করুন:
ব্যক্তিগত ভিডিও ফাঁস, আইনি পদক্ষেপ নিয়ে হুঁশিয়ার করলেন আলিনা আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৪ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার কারণে কোনো কিছু আড়াল করা যায় না। কোনো না কোনোভাবে প্রকাশ্যে চলে আসে। ফলে অনলাইন প্ল্যাটফর্মগুলোয় প্রবেশ করলে সঙ্গে সঙ্গে চোখে পড়ে নানা বিষয়। এর মধ্যে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকে শোবিজ তারকা সংশ্লিষ্ট ইস্যুগুলো। যে কারণে মাঝে মধ্যেই সংগীত ও সিনেমা ইন্ডাস্ট্রির বাইরে ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর ও টিকটক তারকাদের নানা বিষয় ভেসে আসে সোশ্যাল মিডিয়ার হোম পেজে।

সাম্প্রতিক সোশ্যাল তারকাদের আপত্তিকর ভিডিও ফাঁসের বিষয়গুলো তোলপাড় সৃষ্টি করেছে। এরইমধ্যে পাকিস্তানের তারকা টিকটকার মিনাহিল মালিক, ইমশা রহমান, সামিয়া হিজাবসহ অনেকের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের অভিযোগ উঠেছে। এবার সামনে এল নতুন তথ্য। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় একটি এফআইআর দায়ের করেছেন দেশটির টিকটকার আলিনা আমির।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়ায় একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয়, ভিডিওতে থাকা মানুষটি টিকটকার আলিনা আমির। এ নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা দেখা দেয়ার দুই সপ্তাহ পর অবশেষে আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি।

জানা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া। যেটি এআই’র মাধ্যমে অন্য একটি মেয়ের শরীরে আলিনা আমিরের মুখ স্থাপন করে তৈরি করা হয়েছিল। যা মূলত টিকটক তারকার সুনাম ও খ্যাতি নষ্ট এবং বিদ্বেষ ছড়ানোর জন্য করা হয়েছিল। এ ঘটনায় শুরুতে অবশ্য চুপ ছিলেন তিনি। কিন্তু বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হলে আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেন আলিনা আমির।



সবশেষ ভিডিও বার্তায় এ টিকটকার জানান, তিনি আর চুপ থাকবেন না। নিজের জন্য আওয়াজ তুলবেন। আবার এফআইআর দায়ের করার একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি। যা থেকে এটি স্পষ্ট, তাকে নিয়ে তৈরি করা ভুয়া ভিডিওর সঙ্গে সম্পর্কিত একটি আনুষ্ঠানিক মামলা নথিভুক্ত করা হয়েছে।

এ তারকা বলেন, এফআইআর-এ জড়িত সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু যারা ভুয়া ভিডিও তৈরি করেছেন তারাই নয়; বরং যারা এটি শেয়ার করেছেন এবং পুনরায় পোস্ট করেছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেটি প্রচার করেছেন, তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ সময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ, প্রাদেশিক মন্ত্রী হিনা পারভেজ বাট এবং এনসিসিআইকে ধন্যবাদও জানান আলিনা আমির। এই কঠিন সময় তাদের সমর্থন এবং সহায়তার কথা স্বীকার করেন। তিনি আরও জোর দিয়ে বলেন, এখন শুধু নিজের জন্য নয়, বরং সেসব নারীদের জন্যও কথা বলছেন, যারা এ ধরনের ঘটনার শিকার হয়েছেন এবং ভয়ে চুপ রয়েছেন।

আলিনা আমির বলেন, আমি কাউকে ক্ষমা করব না। প্রতিটি অপরাধীকে বিচারের আওতায় আনা হবে। আর মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে জানান, আওয়াজ তোলার শক্তি পেয়ে ধন্য হয়েছেন এবং সব মেয়েকে নিজের পক্ষে দাঁড়াতে ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলারও আহ্বান জানিয়েছেন এ তারকা।

টিজে/টিএ 

মন্তব্য করুন