ভালোবাসা দিবসে কেন দেখা হবে না অঙ্গনা-রোহানের?
ছবি: সংগৃহীত
১০:৪০ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ভালোবাসার মৌসুমে যখন চারপাশে উদযাপনের রঙ, ঠিক তখনই ব্যতিক্রমী এক বাস্তবতার কথা সামনে আনলেন টলিপাড়ার আলোচিত জুটি অঙ্গনা রায় ও রোহান ভট্টাচার্য। প্রেম নিয়ে কখনও আড়াল করেননি তাঁরা, বরং বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে বারবারই সম্পর্কের স্বীকৃতি দিয়েছেন প্রকাশ্যে। তবু ভালোবাসার বিশেষ দিনে একসঙ্গে সময় কাটানো হচ্ছে না তাঁদের এই খবরেই ভক্তমহলে তৈরি হয়েছে কৌতূহল।
সম্পর্কের উষ্ণতা বা দূরত্বের প্রশ্ন নয়, কাজের ব্যস্ততাই হয়ে উঠেছে তাঁদের না দেখা হওয়ার প্রধান কারণ। সম্প্রতি পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণ সেরে ফিরলেও বিশ্রামের সুযোগ পাননি অঙ্গনা। নতুন ধারাবাহিকের শুটিংয়ে যোগ দিতে ছুটে যেতে হয়েছে পাহাড়ে। উত্তরবঙ্গের মনোরম প্রাকৃতিক পরিবেশে চলা সেই কাজই এখন তাঁর সময়ের অধিকাংশ অংশ দখল করে রেখেছে। অন্যদিকে রোহন রয়েছেন কলকাতাতেই, নিজের কাজের ব্যস্ততায় ডুবে।

এই দূরত্বে খানিক মনখারাপ থাকলেও বাস্তবতাকে মেনে নেওয়ার কথাই বলেছেন অঙ্গনা। তাঁর কথায়, বিশেষ দিন উদযাপনের চেয়ে কাজের গুরুত্বই তাঁদের কাছে বেশি। দেখা না হলেও সম্পর্কের উষ্ণতায় ভাটা পড়ছে না, বরং কাজ শেষ হলে একসঙ্গে সময় কাটানোর পরিকল্পনাই তাঁদের ভরসা। ভালোবাসা যে শুধু নির্দিষ্ট একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিদিনের অনুভূতির মধ্যেই লুকিয়ে থাকে এই বিশ্বাসেই এগিয়ে চলেছেন এই তারকা যুগল।
পিআর/টিকে