জিম্বাবুয়ের দেয়া লক্ষ্য তাড়া করা উচিত ছিল: ম্যাট রেনশ
ছবি: সংগৃহীত
১০:৪২ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
কলম্বোর রঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম (প্রেমাদাসা) প্রায়ই শুষ্ক ও মন্থর উইকেট থাকে। এই ধরনের উইকেটে বল ব্যাটে সহজে আসে না। আর তাই মাঝারি স্কোরও এখানে অনেক সময় বড় হয়ে ওঠে। তবু জিম্বাবুয়ের বিপক্ষে ১৭০ রানের লক্ষ্য অস্ট্রেলিয়ার নাগালে থাকারই কথা ছিল। কিন্তু ১৬৯ রানে প্রতিপক্ষকে আটকে রাখার পরও ২৩ রানে হেরে গেছে দলটি।
শুক্রবার কলম্বোয় আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের দুই নম্বর দল অস্ট্রেলিয়া হার মানে ১১ নম্বর জিম্বাবুয়ের কাছে। রান তাড়ায় প্রথম পাঁচ ওভারের মধ্যেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। পরে ম্যাট রেনশ ও গ্লেন ম্যাক্সওয়েল ৭৭ রানের জুটি গড়লেও প্রায় ১০ ওভার খেলে ফেলায় শেষ দিকে বাড়তি চাপ তৈরি হয়। ম্যাক্সওয়েল ৩২ বলে ৩১ রান করে আউট হলে জয়ের সমীকরণ কঠিন হয়ে যায়।
ম্যাচ শেষে রেনশ বলেন, 'আমাদের সম্ভবত এই লক্ষ্য তাড়া করা উচিত ছিল। আমার মনে হয় না, বোলিং গ্রুপকে এখানে দায় দেওয়া যায়।'

রেনশ আরো যোগ করেন, 'জিম্বাবুয়ে শুরুতে খুব ভালো বল করেছে, দ্রুত কিছু উইকেট নিয়েছে এবং যখনই আমরা মোমেন্টাম গড়ার চেষ্টা করেছি, তারা ব্রেক থ্রু পেয়েছে। ম্যাক্সির সঙ্গে ওই জুটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু রান তাড়ার মতো যথেষ্ট মোমেন্টাম আমরা গড়তে পারিনি। শেষ পর্যন্ত একটু বেশিই বাকি রয়ে গেছে।'
ব্যাটিংয়ে ব্যতিক্রম ছিলেন রেনশ নিজেই। পঞ্চম টি-টোয়েন্টিতে নেমে ৩৪ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি করেন তিনি। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬৫ রান করে আউট হন। তবে অন্য প্রান্ত থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় তার ইনিংস দলকে জেতাতে পারেনি।
টানা দ্বিতীয় ম্যাচে অধিনায়ক মিচেল মার্শকে না পাওয়াও প্রভাব ফেলেছে দলে। ওপেনিংয়ে মার্শের অনুপস্থিতিতে জশ ইংলিসকে দিয়ে ইনিংস শুরু করাতে হয়েছে, বদলাতে হয়েছে ব্যাটিং অর্ডারও। রেনশ বলেন, 'মিচ না থাকাটা বড় ক্ষতি। আমরা জানি না কবে সে ফিরবে। সে না থাকায় দলের ভেতর দোলাচল চলছে কে কোথায় ব্যাট করবে।'
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া হারিয়েছে প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডকে। কামিন্সের বদলি নেয়া হলেও হ্যাজেলউডের পরিবর্তে এখনো কাউকে ঘোষণা করা হয়নি। তবে বোলিং আক্রমণ নিয়ে আপাতত উদ্বিগ্ন নন রেনশ। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে অস্ট্রেলিয়া।
এসএস/টিএ