নির্বাচনে অংশ নিয়েও জয়ের খাতা শূন্য ৪১ দলের
ছবি: সংগৃহীত
০১:১৯ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫০টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র নয়টি দল সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পেরেছে। বিপরীতে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও ৪১টি রাজনৈতিক দলের কোনো প্রার্থী বিজয়ী হতে পারেননি। ফলে এসব দলের জন্য এবারের নির্বাচন শেষ হয়েছে সম্পূর্ণ ব্যর্থতায়।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নেয়নি। দলটির কয়েকটি জোটসঙ্গীসহ মোট আটটি নিবন্ধিত দল ভোটের বাইরে ছিল। অন্যদিকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পার্টিসহ মোট ৫০টি দল নির্বাচনে অংশ নেয়।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে সর্বোচ্চ ২০৯টি আসন। জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়। এছাড়া কয়েকটি ছোট দল মিলিয়ে মোট নয়টি রাজনৈতিক দল সংসদে প্রতিনিধিত্ব পাচ্ছে। দলীয় প্রার্থীদের বাইরে সাতটি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
তবে জাতীয় পার্টিসহ ৪১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েও কোনো আসনে জয়লাভ করতে পারেনি। এসব দলের কেউই জয়ের খাতা খুলতে না পারায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের মাঠে দলগুলোর সাংগঠনিক দুর্বলতা ও জনসমর্থনের ঘাটতি স্পষ্ট হয়েছে।
তবে জাতীয় পার্টিসহ ৪১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েও কোনো আসনে জয়লাভ করতে পারেনি। নির্বাচনে অংশ নিয়েও জয়ের খাতা খুলতে পারেনি এমন দলগুলো হলো- জাতীয় পার্টি, লিবারেল ডেমক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট বাংলাদেশ, ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
এছাড়া নিবন্ধিত দলের মধ্যে বিএমএল, মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পাটি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিও কোনো আসনে জয়ের মুখ দেখেনে।
ইসির তথ্য অনুযায়ী- এই নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ২৯৯ আসনের ভোটে ৫০টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ২ হাজার ২৮ জন। নির্বাচনের ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। ঘোষিত গণভোটের ফলাফল অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখের বেশি ও ‘না’ ভোট পড়েছে ২ কোটি ৩০ লাখের মতো। অর্থাৎ, ‘হ্যাঁ’ ভোটের হার ৬৮ দশমিক ১ শতাংশ ও ‘না’ ভোটের হার ৩১ দশমিক ৯ শতাংশ।
এসএস/টিএ