টালিউডে প্লেব্যাকে অভিষেক চঞ্চল চৌধুরীর!
ছবি: সংগৃহীত
০১:৩৪ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
দেশের সীমানা পেরিয়ে দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবার নতুন এক পরিচয়ে হাজির হতে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি প্রথমবারের মতো প্লেব্যাক গায়ক হিসেবে অভিষেক হচ্ছে তাঁর। টালিউডের আসন্ন চলচ্চিত্র শেকড়–এর মাধ্যমে এই চমক দেখাতে চলেছেন তিনি।
চলচ্চিত্রটি নির্মাণ করছেন ভারতীয় নির্মাতা ব্রাত্য বসু। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন সম্প্রতি সামাজিক মাধ্যমে জানায়, এই সিনেমায় দুটি গান গেয়েছেন চঞ্চল চৌধুরী।
স্টুডিওতে সংগীত পরিচালক প্রবুদ্ধ ব্যানার্জি–এর সঙ্গে তাঁর রিহার্সেলের ছবিও প্রকাশ করা হয়, যা ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘শেকড়’ একটি চিরন্তন প্রেমের গল্পনির্ভর চলচ্চিত্র। বর্তমানে এর শেষ পর্যায়ের নির্মাণকাজ চলছে। ছবিতে প্রবুদ্ধ ব্যানার্জির সংগীত পরিচালনায় একাধিক গান রেকর্ড করেছেন চঞ্চল, যা তাঁর সংগীতজীবনের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে গণমাধ্যমে চঞ্চল চৌধুরী জানান, সিনেমাটির জন্য তিনি দুটি জনপ্রিয় বাউল গান নতুন করে গেয়েছেন। একটি হলো এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে এবং অন্যটি ও জীবন রে ছাড়িয়া না যাও মোরে। গান দুটি চলচ্চিত্রে ব্যবহারের প্রস্তাবও তিনিই নির্মাতাকে দেন বলে উল্লেখ করেন।
চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়–এর ছোটগল্প অবলম্বনে। এতে চঞ্চল চৌধুরী গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন, যার নাম ইন্দ্র। চরিত্রটি একটি কারখানার শ্রমিক, যার বাবা স্মৃতিভ্রংশে ভুগছেন- বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিল থাকায় এই চরিত্রে কাজ করতে আগ্রহী হন অভিনেতা।
উল্লেখ্য, নির্মাতা ব্রাত্য বসু এর আগেও বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিম–কে নিয়ে ডিকশনারি ও হুব্বা নির্মাণ করেছিলেন, যা দর্শকমহলে প্রশংসিত হয়।
এমকে/টিকে