কোনো ধরনের সহিংসতা কাম্য নয় : শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত
০২:১৬ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ফরিদপুরের সালথায় চলমান সহিংসতার ঘটনায় কঠোর হুঁশিয়ারি এবং শান্তির আহ্বান জানিয়েছেন ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বার্তা দেন।
শামা ওবায়েদ বলেন, ‘প্রিয় সালথাবাসী, আপনারা শান্ত থাকুন। কোনো ধরনের সহিংসতা কাম্য নয়।
যারা হামলা বা সহিংসতায় জড়াবে, তাদের বিরুদ্ধে আমি কঠোর অবস্থান নেব এবং বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এলাকায় সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে, তাদের সঙ্গে সহযোগিতা করুন এবং নিরাপদ পরিবেশ বজায় রাখুন।’
তিনি আরো বলেন, ‘আমি সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। আজকের সহিংসতায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে একযোগে কাজ করার অনুরোধ করছি।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া ও পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের ময়েনদিয়া এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং অনেকে আহত হন। এর আগে শুক্রবার রামকান্তপুর ইউনিয়নের মসজিদের ভেতরে ভোট সংক্রান্ত তর্ককে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছিল, যার ফলে অন্তত ১১ জন সমর্থক আহত হন। উভয় স্থানে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেএন/টিকে