পরাজিত প্রার্থীকে সঙ্গে নিয়েই কাজ করতে চান নবনির্বাচিত নূরুল
ছবি: সংগৃহীত
০২:৪৯ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে ( বেতাগী, বামনা ও পাথরঘাটা) ৯০ হাজার ৬৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী (ধানের শীষ) ও দলটির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। তাঁর নিকটতম প্রার্থী জামায়াতের ডা. সুলতান আহমদ পেয়েছেন ৮৫ হাজার ২৪৭ ভোট।
নির্বাচনের ফল ঘোষণার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির নির্বাচিত প্রার্থী নূরুল ইসলাম তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের ডা. সুলতান আহমদ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় এলাকার উন্নয়নের স্বার্থে তাঁরা একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এমন ইতিবাচক মনোভাব এলাকাবাসীর মধ্যে আশাবাদ তৈরি করেছে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন জানিয়েছে। সব মিলিয়ে শান্তিপূর্ণ নির্বাচন শেষে বরগুনা-২ আসনে উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে।
এসময় বিজয়ী প্রার্থী নূরুল ইসলাম মনি বলেন, এটি শুধু আমার ব্যক্তিগত জয় নয়, বরং এলাকার সাধারণ মানুষের জয়।
আমি দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।
অপরদিকে পরাজিত প্রার্থী সুলতান আহমদ নির্বাচনের ফল মেনে নিয়ে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘জনগণের রায়ই চূড়ান্ত। আমি জনগণের সিদ্ধান্তকে সম্মান জানাই।
তিনি বরগুনা-২ আসনের সার্বিক উন্নয়ন, নদীভাঙন রোধ, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থান বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
আরআই/টিকে