© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রংপুরে বিএনপির লাঠি মিছিল, আখতারের বিরুদ্ধে স্লোগান

শেয়ার করুন:
রংপুরে বিএনপির লাঠি মিছিল, আখতারের বিরুদ্ধে স্লোগান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৩ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের অন্তর্গত হারাগাছ এলাকায় লাঠি ও দেশীয় অস্ত্র হাতে মিছিল করেছে বিএনপি নেতাকর্মী ও সমর্থক। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আজ শনিবার এ মিছিল করেন তারা।
এ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, কয়েকশ মানুষ লাঠি ও অস্ত্র হাতে এনসিপি ও জামায়াত নেতাকর্মীদের খুঁজছেন।

তারা ওই আসনের নবনির্বাচিত এমপি আখতার হোসেনকে ‘ভোটচোর বলে স্লোগানও দিচ্ছেন। একই সঙ্গে জামায়াত-এনসিপির বিরুদ্ধে হুঁশিয়ারির স্লোগানও দিচ্ছেন তারা।

জানা যায়, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে এনসিপির আখতার হোসেন (শাপলা কলি) ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট।

আখতার হোসেনের সঙ্গে বিএনপির এমদাদুল হক ভরসার ভোটের পার্থক্য ৮ হাজার ৮৩১।

এদিকে, এ ফলাফল প্রত্যাখান করে আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কাউনিয়া উপজেলার হারাগাছে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।

এমদাদুল হক অভিযোগ করেন, শাপলা কলি প্রতীকের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আখতার হোসেন গতকাল বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মব সৃষ্টি করে অনেক কেন্দ্রে অনিয়ম, ভোট কারচুপি ও ফলাফল পরিবর্তন করেছেন।

অন্যদিকে নবনির্বাচিত এমপি আখতার হোসেন জানিয়েছেন, বিএনপির নেতাকর্মীরা জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা করছেন এবং বাড়িতে বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করছেন।

এসকে/টিএ


মন্তব্য করুন