আরমানকে গুম হওয়া সুমনের মা / ‘আমার আবদার আমার সুমনরে বাইর করতে হইবো আব্বা’
ছবি: সংগৃহীত
০৬:৩৩ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
প্রতিদ্বন্দ্বী প্রার্থী সানজিদা ইসলাম তুলি ও গুম হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমনের মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা-১৪ আসনে বিজয়ী জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম।
সাক্ষাৎকালে সুমনের মা আরমানকে উদ্দেশ্য করে বলেন, আব্বা পরিবারের সন্তান। সবচেয়ে বড় কথা হইলো, আমার সুমনরে বাইর করতে হইবো। আমার আবদার। আমার আবদার আমার সুমনরে বাইর করতে হইবো আব্বা। এসময় সুমনের মাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন আরমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নাখালপাড়ায় সানজিদা ইসলাম তুলির বাসভবনে যান আরমান। এসময় আরমানের সঙ্গে তার স্ত্রীও উপস্থিত ছিলেন।
এসময় সুমনের পরিবারের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকার কথা উল্লেখ করে আরমান বলেন, এখন পর্যন্ত সুমন ভাইয়ের নিখোঁজের সঙ্গে যারা জড়িত, তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। সুমন ভাইয়ের পরিবার তাদের সুনির্দিষ্টভাবে নাম জানেন।
তিনি বলেন, সুমন ভাইয়ের মতো শত শত পরিবার এখনো জানতে পারেনি তাদের সন্তানের সঙ্গে কী হয়েছে।
তিনি আরও বলেন, আমি যখন আয়নাঘর থেকে দীর্ঘ সময় পর মুক্তি পাই, তখন জানতে পারি আমার নিখোঁজ থাকাকালীন এই পরিবারটি আমার মায়ের পাশে দাঁড়িয়েছিল। সুমনের পরিবার গুমের শিকার হওয়া পরিবারগুলোকে আন্দোলন করতে শিখিয়েছে, সাহস দিয়েছে। আমার অনেক নিকটাত্মীয় বিপদের সময় যোগাযোগ না রাখলেও এই পরিবারটি আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাজনীতির অনেক ঊর্ধ্বে। এই মায়ের ডাক তাদেরকে আন্দোলন করতে শিখিয়েছে, চোখের পানি ফেলেছে। আমাদের রাস্তায় নামতে হবে, এই সাহসটা জুগিয়েছে।
গুম-নিখোঁজদের বিচারের দাবিতে সংগ্রাম চলছে, চলবে উল্লেখ করে আরমান বলেন, যতক্ষণ পর্যন্ত না জড়িতরা গ্রেপ্তার হয়, জড়িতরা যত ক্ষমতাধর ব্যক্তি হোক, তাদের পেছনে যত বড় পরাশক্তিই থাকুক না কেন, যতদিন তাদেরকে বিচারের আওতায় না আনা হচ্ছে আমাদের এই সংগ্রাম চলবে।
জামায়াতের প্রয়াত নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমাদ বিন কাসেম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মোট ১ লাখ ১ হাজার ১১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানজিদা ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।
শুক্রবার ভোরে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।
এসকে/টিএ