© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মা-বোনকে নিয়ে বাবা শাফিনের সমাধিতে ওজি

শেয়ার করুন:
মা-বোনকে নিয়ে বাবা শাফিনের সমাধিতে ওজি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৭ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
বাবা শাফিন আহমেদের আজ জন্মদিন, তার গাওয়া গান বাজিয়ে জন্মদিন উদযাপন করেন হাজারও বাঙালি। মা ও বোনকে নিয়ে বনানীতে বাবার সমাধিতে হাজির হয়েছিলেন ব্যান্ডতারকা শাফিন আহমেদের ছেলে আজরাফ আহমেদ ওজি।

আজ (১৪ ফেব্রুয়ারি) শনিবার ব্যান্ডতারকা শাফিন আহমেদের ৬৫তম জন্মদিন। দুপুরে বনানী গোরস্থানে শাফিন আহমেদের সমাধিতে ফুলের পাপড়ি ছিটিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান তার পরিবারের সদস্যরা। সমাধির সামনে দাঁড়িয়ে শাফিন আহমেদ, মা ফিরোজা বেগম ও বাবা কমল দাসগুপ্তের কবর জিয়ারত করেন শাফিনের ছেলে ওজি, স্ত্রী ডা. রুমানা দৌলা, মেয়ে রানিয়াহ দৌলা আহমেদ।

গোরস্থান থেকে ফিরে ওজি দেশের একটি গণমাধ্যমকে জানান, শাফিন আহমেদের জন্মদিন উপলক্ষে তেমন বড় কোনো আয়োজন তারা করেননি। সন্ধ্যায় পারিবারিকভাবে একত্র হয়ে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করবেন তারা। আজরাফ আহমেদ ওজি বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় বড় রকমের কোনো আয়োজন আমরা করিনি। তবে পারিবারিকভাবে বাবাকে স্মরণ করবো আমরা। সবাই মিলে বসে বাবার স্মৃতিচারণ করবো।’

২০২৪ সালের ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা যান মাইলস ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট শাফিন আহমেদ। তার সংগীতকর্ম নিয়ে পরিকল্পনা কী? জানতে চাইলে দেশের একটি গণমাধ্যমকে ওজি বলেন, ‘বাবার কিছু গান রিমাস্টারিং করে বেস্ট অব শািফন আহমেদ নামে একটি অ্যালবাম করার ইচ্ছে আছে। তা ছাড়া বাবার আত্মজীবনীটা আরও কিছু সংস্করণ করে পুনপ্রকাশের কথাও ভাবছি।’



১৯৮০ সালে ভোকাল ও রিদম গিটারিস্ট হিসেবে মাইলস ব্যান্ডে যোগ দেন শাফিন আহমেদ। ১৯৮২ সালে ফরিদ, কামাল, হামিন, শাফিন এবং মানাম-এর দল ‘মাইলস মাইলস’ শিরোনামে একটি ইংরেজি কাভার অডিও অ্যালবাম প্রকাশ করে। ১৯৮৩ সালে ব্যক্তিগত কারণে ব্যান্ড ছেড়ে তিনি চলে যান যুক্তরাজ্যে। ১৯৯০ সালে শাফিন আহমেদ যুক্তরাজ্য থেকে ফিরে ভোকাল ও বেজ গিটারিস্ট হিসেবে আবারও দলে যোগ দেন। ১৯৯১ সাল থেকে দলের লাইন আপে ছিলেন হামিন আহমেদ, মানাম আহমেদ, মিল্টন আকবর ও শাফিন আহমেদ।

১৯৯২ সালে মাইলসের প্রথম বাংলা অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ প্রকাশিত হয়। সেই অ্যালবামে মানাম আহমেদের সুরে বহুল আলোচিত ‘চাঁদ তারা’ গানটি গেয়েছিলেন শাফিন। মানাম আহমেদের সুরে শাফিনের গাওয়া গানগুলো হলো ‘ফিরিয়ে দাও’, ‘ধিকি ধিকি’, ‘চাঁদতারা’, জ্বালা জ্বালা’, ‘পিয়াসী মন’, ‘ভুলব না তোমাকে’, ‘তোমার আশায়’, ‘স্বপ্নভঙ্গ’। নিজ সুরে শাফিন আহমেদ গেয়েছেন ‘প্রথম প্রেমের মতো’, ‘পাহাড়ি মেয়ে’, ‘জাদু’, ‘দরদিয়া’, ‘জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন’, 'পলাশীর প্রান্তর'। এ ছাড়া হামিন আহমেদের সুরে গেয়েছেন ‘নীলা’, 'সুপ্ত বাসনা', 'এ সময়', ‘শান্তি নাই’, ‘শেষ ঠিকানা’, ‘শান্তি চাই’, 'আচেনা জীবন' গানগুলো। মাঝে দুবার শাফিন আহমেদ মাইলস ছেড়ে একক ক্যরিয়ারে মন দেন। ২০১৯ সালের শেষ দিকে শেষবার তিনি মাইলস ছেড়ে নিজের দল ভয়েজ অব মাইলস গড়েন।

কিংবদন্তিসম দুই সংগীতজ্ঞ সুরকার কমল দাশগুপ্ত ও নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের ছোট ছেলে শাফিন আহমেদ। তার অনুপ্রেরণায় সংগীতচর্চা শুরু করেন ছেলে আজরাফ আহমেদ ওজি। র‌্যাপ গানের চর্চা করা এই তরুণ শিগগিরই প্রকাশ করবেন তার নতুন গান ‘পাঠাও’।

এসকে/টিএ

মন্তব্য করুন