© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

শেয়ার করুন:
নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২১ এএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশের নতুন সরকার আগামী মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে নিরাপত্তা ও প্রটোকল সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় লাভ করে বিএনপি নেতৃত্বাধীন জোট। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, একই দিনে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেবেন। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং সরকার গঠনের প্রক্রিয়ায় যুক্ত একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

নতুন সরকারের শপথ অনুষ্ঠান কেন্দ্র করে দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতি নিশ্চিত করতে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। একই সঙ্গে অনুষ্ঠানকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

ইউটী/টিএ

মন্তব্য করুন