© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘প্রেমের বিন্দু তুমি শুধু তুমি’, আদুরে পোস্টে ভালোবাসার কথা, সঙ্গীকে ভ্যালেন্টাইনস ডে’র শুভেচ্ছা টলি ও বলি তারকাদের

শেয়ার করুন:
‘প্রেমের বিন্দু তুমি শুধু তুমি’, আদুরে পোস্টে ভালোবাসার কথা, সঙ্গীকে ভ্যালেন্টাইনস ডে’র শুভেচ্ছা টলি ও বলি তারকাদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৮ এএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
ভ্যালেন্টাইনস ডে মানেই ভরা প্রেমের মরশুম, আমজনতা থেকে তারকা, সকলের মনেই আজ যেন দখিন হাওয়াকে প্রেমে পড়ার কথা বলার মোক্ষম সময়। তাই মনের মানুষকে আরও একবার ভালোবাসার দিনে আদুরে পোস্টে মনের কথা জানিয়েছেন টলিউড থেকে বলিউডের তারকারা। কারা রয়েছেন সেই তালিকায়? দেখে নিন।

ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লো সহজে' এই পন্থা অবলম্বনেই জীবনের সমস্ত ভরাডুবির বৈতরণী এক সঙ্গে পার করে চলেছেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। তাঁদের নিয়ে বিতর্কের অন্ত নেই। কিন্তু তা কোনওভাবেই তাঁদের জীবনে প্রভাব ফেলেনি। ভালোবাসার দিনে স্বামী রাজকে আরও একবার আদুরে পোস্টে মনের কথা জানালেন শিল্পা। বুঝিয়ে দিলেন রোজ তাঁরা একে অপরের প্রেমে পড়েন। রংমিলান্তি পোশাকে সেজে কোনও এক ট্যুরে তোলা ছবি পোস্ট করে শিল্পা লেখেন, 'প্রথম দিন থেকেই সিনেমার মতো। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে কুকি।'

পারস্পরিক বোঝাপড়া, ভালোবাসা সবটা মিলিয়েমিশিয়ে সুখী গৃহকোণ অভিনেতা রণদীপ হুডা ও লিন লাইশরমের। ভালোবাসার দিনে আদুরে ছবি পোস্ট করে একে অপরকে শুভেচ্ছা জানালেন তাঁরা। ক্যাপশনে লিখলেন, 'হ্যাপি ভ্যালেন্টাইনস ডে'।

পুলকিত সম্রাটের সঙ্গে প্রেমমাখা ছবি ভাগ করে নিয়েছেন কৃতী খারবান্দা। স্পেশাল দিনের সঙ্গে মানানসই লাল অফ শোল্ডার লং ড্রেসে সেজেছেন কৃতী। অন্যদিকে সাদা পোশাকে সেজেছেন পুলকিত, চোখে দিয়েছেন রোদচশমা। ছবিতে দেখা যাচ্ছে, পুলকিতের গায়ে হেলান দিয়ে তাঁর চোখে হারিয়ে গিয়েছেন কৃতী। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'হ্যাপি ভ্যালেন্টাইনস ডে'।

বাদ যাননি টলিপাড়ার তারকারাও। এই তালিকায় প্রথমেই রয়েছেন টলিউডের 'রিয়েল জুটি' বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। তাঁদের প্রেম নিয়ে কোনও রাখঢাক তাঁরা রাখেননি। এদিন কৌশানীর সঙ্গে তোলা একটি রোম্যান্টিক মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নেন বনি। ক্যাপশনেই শুভেচ্ছা জানান কৌশানীকে।

এদিন গৌরব চক্রবর্তী ও রিদ্ধিমা ঘোষ ভালোবাসায় মোড়া ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে গৌরব লিখেছেন, 'প্রতি মুহূর্তে পরিবর্তনশীল এই পৃথিবীতে আমি আর তুমি অপরিবর্তনশীল। ভালোবাসা বিষয়টা খুব সহজ নয়। সহজ আমরা করে নিয়েছি। আগামীতেও নেবো। জীবনের সুখের মুহূর্তেই শুধু নয় আমরা বিপদেও একসঙ্গে থেকে গিয়েছি। স্বপ্ন দেখেছি, আর এভাবেই আমাদের ভালোবাসার গল্পে এক একটা পাতা আমরা লিখে গিয়েছি। আগামীতেও যাব। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।'


ছোটপর্দার জনপ্রিয় খল চরিত্রে তিনি বরাবর নজর কেড়েছেন। তিনি অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় বক্সী। সৌম্য বক্সীর সঙ্গে বিয়ের বয়স প্রায় সাড়ে তিন। কিন্তু প্রতিটা মুহূর্তে ভালোবাসা তাঁদের বেড়েছে বই কমেনি। রংমিলান্তি কালো পোশাকে সেজে স্বামী সৌম্যর সঙ্গে আদুরে ছবি পোস্ট করেন সুদীপ্তা।

অভিনেত্রী সন্দীপ্তা সেনের পায়ের তলায় সরষে। স্বামী সৌম্য মুখোপাধ্যায়ও এখন তাঁর সঙ্গে বেরিয়ে পড়েন নানা প্রান্তে। সেরকমই এক ট্যুরে তোলা এক ছবি পোস্ট করে এদিন শুভেচ্ছা জানালেন স্বামী সৌম্যকে।

নায়িকা নুসরতের সঙ্গে ভালোবাসায় মোড়া বহু অদেখা ছবি ভ্যালেন্টাইনস ডে'তে ভাগ করে নিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। তার মধ্যে নজর কেড়েছে তাঁদের রাজস্থান ট্যুরের এই ছবি। যেখানে ঐতিহ্যবাহী রাজস্থানী পোশাকে সেজে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তাঁরা। পোস্টের ক্যাপশনে যশ লিখেছেন, 'বেশি কিছু লিখতে চাই না। শুধু বলতে চাই আমরা। ব্যস, এটুকুই যথেষ্ট।'

বাঙালির ভালোবাসার দিনে অর্থাৎ সরস্বতী পুজোয় চারহাত এক হয়েছিল অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে দেবমাল্যর। স্বামীর সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি পোস্ট করে শুভেচ্ছা বিনিময় করলেন অভিনেত্রী।

ভালোবাসার দিনেই সাতপাকে বাঁধা পড়ছেন রণজয়-শ্যামৌপ্তি। এদিন সকাল থেকেই নেটপাড়ায় ভাইরাল তাঁদের বিয়ের ছবি। প্রেমের দিনেই পরিণতি পেতে চলেছে রূপকথার মতো তাঁদের ভালোবাসার কাহিনি। ছবি: সোশাল মিডিয়া।

টিজে/টিএ


মন্তব্য করুন