© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্র ইউরোপের সন্তান: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র ইউরোপের সন্তান: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১১ এএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্রকে ‘ইউরোপের সন্তান’ হিসেবে আখ্যায়িত করে একতা ও অংশীদারত্বের বার্তা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ট্রান্সআটলান্টিক সম্পর্কে একবছরের টালমাতাল অবস্থার প্রেক্ষাপটে শনিবার (১৪ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা সম্মেলনে তিনি এ বার্তা দেন।

রুবিও বলেন, ‘ট্রান্সআটলান্টিক যুগের অবসান আমাদের লক্ষ্য নয়। আমরা পশ্চিম গোলার্ধে থাকি বটে, কিন্তু আমেরিকা সবসময় ইউরোপের সন্তান হিসেবে থাকবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ-আমরা একসঙ্গেই এগোবো।’

তবে ভাষণে রাশিয়ার নাম সরাসরি উল্লেখ করেননি রুবিও। আর তাতেই প্রশ্ন উঠেছে। এক বছর আগে একই মঞ্চে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কঠোর সুরের তুলনায় রুবিওর ভাষা ছিল সংযত, কিন্তু এতে নীতিগত কোনো পরিবর্তনের ইঙ্গিত মিলেছে কি না-তা স্পষ্ট নয় বলে বিশ্লেষকদের অভিমত।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন ভাষণকে আশ্বাসজনক বলে মন্তব্য করেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল রুবিওকে বিশ্বস্ত অংশীদার হিসেবে আখ্যা দেন। তবে লিথুয়ানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েলিয়ুস ল্যান্ডসবেরগিস সামাজিক মাধ্যমে লেখেন, ‘এটি ট্রাম্প প্রশাসনের সাধারণ অবস্থান থেকে সরে আসা নয়; শুধু ভাষার ভদ্রতা বেড়েছে।’

ইউক্রেন প্রশ্নে মিত্রদের উদ্বেগ এখনো কাটেনি। আশঙ্কা রয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য সমঝোতায় কিয়েভকে ভূখণ্ডগত ছাড় দিতে হতে পারে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা আগামী সপ্তাহে জেনেভায় পুনরায় শুরু হওয়ার কথা।

সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমরা চাই আলোচনা হোক ফলপ্রসূ। কিন্তু অনেক সময় মনে হয় পক্ষগুলো ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কথা বলছে।’

তিনি অভিযোগ করেন, ছাড়ের প্রসঙ্গ প্রায়ই শুধু ইউক্রেনের ক্ষেত্রেই তোলা হচ্ছে। একই সঙ্গে তিনি স্বীকার করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে কিছুটা চাপ অনুভব করছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি প্রক্রিয়ায় আন্তরিক কি না-এ প্রশ্নে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও মস্কোর অবস্থান স্পষ্ট নয়।

ন্যাটো মহাসচিবমার্ক রুটে দাবি করেন, গত দুই মাসে রাশিয়া প্রায় ৬৫ হাজার সৈন্য হারিয়েছে-যদিও এ সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সম্মেলনে চীনের চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বক্তব্য দেন।

তথ্যসূত্র: রয়টার্স।

মন্তব্য করুন