© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাবা জিতেন্দ্রকে না জানিয়ে একক বাবা হওয়ার সিদ্ধান্ত নেন তুষার কাপুর

শেয়ার করুন:
বাবা জিতেন্দ্রকে না জানিয়ে একক বাবা হওয়ার সিদ্ধান্ত নেন তুষার কাপুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১০ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডে যখন বিয়ে ও পারিবারিক জীবনকেই সাফল্যের মাপকাঠি ধরা হয় তখন সেই চেনা গণ্ডির বাইরে গিয়ে নিজের মতো করে জীবন বেছে নেয়ার সাহস দেখিয়েছেন অভিনেতা তুষার কাপুর। বিয়ে না করেই একক বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন তিনি। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে তার বাবা, বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্রকেও কিছু জানাননি।

২০১৬ সালে সারোগেসির মাধ্যমে পুত্র লক্ষ্যের বাবা হন তুষার কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, বিয়ে নিয়ে তার ভাবনা বরাবরই স্পষ্ট ছিল। তিনি বিয়েকে সম্মান করলেও মনে করেন তা সবার জন্য নয়।



সাক্ষাৎকারে তুষার বলেন, ‘আমি অনেকটাই পুরোনো মূ্ল্যবোধে বিশ্বাসী মানুষ বাবার মতোই। আমেরিকায় পাঁচ বছর থাকার সুবাদে আমি স্বাধীনভাবে বাঁচতে শিখেছি। আমি বিয়ে করিনি কিন্তু একক বাবা হয়েছি। আমার বাবা বিয়ে ও পরিবারে বিশ্বাস করেন, তিনি পুরোনো সংস্কৃতিতে বিশ্বাসী মানুষ।’

বিয়ে না করার সিদ্ধান্তে বাবা-মা’র প্রতিক্রিয়া নিয়ে জানান, ‘বাবা-মা বিয়ে নিয়ে কখনোই কোনো চাপ প্রয়োগ করেনি। আর আমার মনে হয় না এই বিষয়ে বাবা-মায়ের অনুমতি নেয়া দরকার।
একক বাবা হওয়ার পেছনের গল্প তুলে ধরে অভিনেতা জানান, ‘বিয়ের মতো সম্পর্কতে আমি বিশ্বাস করি। কিন্তু এটি কখনো আমার জন্য ছিল না। তবে বাবা হওয়ার তীব্র আগ্রহ ছিল আমার মধ্যে।’

তিরুপতি যাওয়ার পথে একবার পরিচালক প্রকাশ ঝার সঙ্গে দেখা হয়। সে সময় তার বয়স ছিল ৩৯ বছর। ফেরার সময় ফ্লাইট বাতিল হওয়ায় দু’জনে একসঙ্গে গাড়িতে ফিরছিলেন। সেই সময়ই প্রকাশ ঝা তাকে একক অভিভাবক হওয়ার কথা ভাবতে বলেন।

এরপর চিকিৎসকদের সঙ্গে কথা বলা, কাউন্সেলিং নেয়া সব মিলিয়ে ধীরে ধীরে একক বাবা হওয়ার সিদ্ধান্তে পৌঁছান তুষার কাপুর। তার কথায়, ‘আমার মনে হয়েছিল বাবা হওয়াই আমার আসল ডাক। বিভিন্ন ধাপ এগিয়েই শেষ পর্যন্ত আমি একজন একক বাবা হই।’

বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্রর ছেলে ও চলচ্চিত্র, টেলিভিশন প্রযোজক একতা কাপুরের ভাই তুষার কাপুর। তিনি কখনো বিয়ে করেনি। ২০১৬ সালে সারোগেসির মাধ্যমে তার ছেলে লক্ষ্যের জন্ম হয় । বাবা হওয়ার অভিজ্ঞতা ও নিজের জীবনযাত্রা নিয়ে একটি বইও লেখেন।

২০০১ সালে ‘মুজে কুছ কেহনা হ্যায়’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তুষার কাপুর। এরপর তিনি গায়েব, ‘ক্যায়া কুল হ্যায় হাম’, গোলমাল, শুটআউট অ্যাট লোখান্ডাওয়ালা, দ্য ডার্টি পিকচার, মাস্তিজাদে’র মতো মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।

পিআর/এসএন

মন্তব্য করুন