নির্বাচনে এনসিপি শাপলা কলিতে ৩.০৫ শতাংশ ভোট পেয়েছে
ছবি: সংগৃহীত
০৬:৪৫ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক ৯৭, জামায়াত ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে। ইতোমধ্যে বিএনপি জোট ২১২ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আর ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।
অপরদিকে, দলগতভাবে তৃতীয় সর্বোচ্চ আসনপ্রাপ্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা পেয়েছেন ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। তবে সাতটি আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের ঘরে গেছে ৫ দশমিক ৭৯ শতাংশের সমর্থন।
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছিল ২৫৭ জন। তারা ভোট পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ। গণঅধিকার পরিষদ ০ দশমিক ৩৩ শতাংশ, জাতীয় পার্টি ০ দশমিক ৮৯ শতাংশ।
মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ী ব্যক্তিদের গেজেট প্রকাশ করেছে ইসি।
এমআই/টিকে