© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভালোবাসা দিবসে মুক্তি পেল ‘ব্যাটেল অব গালওয়ান’ সিনেমার দ্বিতীয় গান

শেয়ার করুন:
ভালোবাসা দিবসে মুক্তি পেল ‘ব্যাটেল অব গালওয়ান’ সিনেমার দ্বিতীয় গান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৪ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
প্রেম-ভালোবাসা, সংসারের উষ্ণ মুহূর্ত আর দায়িত্বের টানে প্রিয়জনকে ছেড়ে যাওয়ার বেদনার মেলবন্ধনে প্রকাশ পেল সিনেমা বলিউড তারকা সালমান খানের ‘ব্যাটেল অব গালওয়ান’ সিনেমার দ্বিতীয় গান ‘ম্যায় হু’। যুদ্ধভিত্তিক এই সিনেমার রোমান্টিক গানটি মুক্তি পেয়েছে ভালোবাসা দিবসে। গানটিতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রাঙ্গদা সিং।

‘ম্যায় হু’ মূলত একজন সেনা অফিসার ও তার পরিবারের জীবনের গল্প তুলে ধরে। গানে সালমান খানকে দেখা যায় পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে, আবার দায়িত্ব পালনের কারণে দূরে থাকাকালীন স্ত্রীর স্মৃতিতে ডুবে থাকতে। অন্যদিকে চিত্রাঙ্গদা সিংকে তুলে ধরা হয়েছে সংসারী এক নারীর ভূমিকায়, যিনি ভালোবাসা ও অপেক্ষার মধ্য দিয়ে জীবন কাটান।

গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আয়ান লাল। কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল ও আয়ান লাল নিজেই। গানের কথা লিখেছেন আয়ান লাল ও সাব্বির আহমেদ।

এর আগে ছবির আরেক গান মাতৃভূমি দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল। গানটির সুর করেছিলেন হিমেশ রেশমিয়া এবং কণ্ঠে ছিলেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। দেশপ্রেমকে ভালোবাসা, সহমর্মিতা ও আত্মপরিচয়ের মাধ্যমে তুলে ধরায় গানটি আলাদা মাত্রা পেয়েছিল।



‘ব্যাটেল অব গালওয়ান’ নির্মিত হয়েছে ২০২০ সালের গালওয়ান ভ্যালি সংঘর্ষকে কেন্দ্র করে। এতে সালমান খান অভিনয় করছেন কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে। সন্তোষ ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন, যিনি পিএলএ সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত হন।

সালমান খান ও চিত্রাঙ্গদা সিং ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জেইন শ, অংকুর ভাটিয়া, অভিলাষ চৌধুরী, বিপুল ভরদ্বাজ, হীরা সোহাল, জেসন থাম, হর্ষিল শাহ, তানিয়া দেশাই ও অভিশ্রী সেনসহ আরও অনেকে।

সালমান খান ফিল্মস-এর ব্যানারে নির্মিত সিনেমাটি আগামী ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: আইউটলুক ইন্ডিয়া

এসকে/টিএ

মন্তব্য করুন