বিয়ের গুজব নিয়ে ম্রুণাল ঠাকুর বললেন ‘টাকা দিয়েও এত পাবলিসিটি পেতাম না’
ছবি: সংগৃহীত
০২:২০ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
গত দুই সপ্তাহ ধরে নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। গুঞ্জন রটেছিল, ভালোবাসা দিবসে দক্ষিণী অভিনেতা ধানুশের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। তবে কথিত সেই বিয়ের দিন পেরিয়ে গেলেও ম্রুণাল এখনও সিঙ্গেল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গুজব নিয়ে হেসেই উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী এবং গুজব রটনাকারীদের দিয়েছেন এক বিশেষ বার্তা।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্রুণাল কৌতুকের ছলে বলেন, গুজব রটনাকারীদের অনেক ধন্যবাদ। আমি যদি ৩ কোটি, ৬ কোটি বা ১০ কোটি টাকাও খরচ করতাম, তাহলেও সম্ভবত নিজের ছবির জন্য এত পাবলিসিটি (প্রচার) পেতাম না। যারা আমার বিয়ের ভুয়া খবর ছড়াচ্ছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ!

ব্যক্তিগত জীবন নিয়ে বিরক্তি প্রকাশ না করে ম্রুণাল আরও যোগ করেন, আমি খুব খোলা মনের মানুষ। আমার জীবনে তেমন কিছু ঘটলে আমি নিজেই সবাইকে জানাব। এসব গুজবে কান দিয়ে শক্তি নষ্ট করলে আমি ক্যারিয়ারে ফোকাস করতে পারব না।
ম্রুণালের আগামী ছবি ‘দো দিওয়ানে শেহের মে’-তে তাকে এমন এক শহুরে মেয়ের চরিত্রে দেখা যাবে, যে অ্যারেন্জড ম্যারেজের জন্য পাত্র খুঁজছে। বাস্তব জীবনে পরিবারের পক্ষ থেকে বিয়ের কোনো চাপ আছে কি না-জানতে চাইলে ম্রুণাল মাথা নেড়ে বলেন, ওরা বলে এবার থিতু হও।
তবে অভিনেত্রী জানান, তার পরিবার তার কাজের ধরন বোঝে। বলিউড এবং দক্ষিণী সিনেমার মধ্যে ভারসাম্য বজায় রাখা যে কতটা কঠিন, তা তারা উপলব্ধি করেন। মৃণালের ভাষায়, অভিনেতা হওয়া মানে অনেকটা সন্ন্যাসী হওয়ার মতো। এখানে খাওয়া, ঘুম এবং ব্যক্তিগত অনেক কিছুই বিসর্জন দিতে হয়।
বিয়ের পরিকল্পনা নিয়ে দার্শনিক ভঙ্গিতে ম্রুণাল বলেন, আমি বর্তমানে ক্যামেরার সঙ্গে প্রেম করছি। আর আমার একমাত্র ধ্রুব সঙ্গী হিসেবে আমি এই ক্যামেরাকেই চাই।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ধানুশের সঙ্গে তার নাম জড়িয়ে নানা খবর এলেও দুই তারকার কেউই এতদিন বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
বিয়ের গুঞ্জনের মাঝেই দর্শকরা অপেক্ষায় আছেন ম্রুণালের পরবর্তী রোমান্টিক ড্রামা ‘দো দিওয়ানে শেহের মে’-র জন্য। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী। ছবিটি পরিচালনা করেছেন রবি উদয়ওয়ার এবং প্রযোজনা করছেন সঞ্জয় লীলা বানসালি। আগামী ২০ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এমআর/টিএ