সিদ্ধার্থের তুলনায় ‘অযোগ্য’ ছিলেন শেহনাজ!
ছবি: সংগৃহীত
০৪:৪১ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
রিয়েলিটি শোয়ে তৈরি হওয়া এমন কিছু সম্পর্ক থাকে, যেগুলো সময় পেরিয়েও দর্শকের মনে অমলিন থেকে যায়। বিগ বস ১৩-এর ঘরে ঠিক তেমনই এক বন্ধুত্ব তৈরি হয়েছিল শেহনাজ গিল এবং সিদ্ধার্থ শুক্লা- এর মধ্যে। তবে এই সম্পর্কের শুরুটা নাকি এতটা সহজ ছিল না, সম্প্রতি এমনই দাবি করেছেন শোর আর এক প্রতিযোগী আবু মালিক।
এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘বিগ বস ১৩’-এর স্মৃতি রোমন্থন করতে গিয়ে আবু মালিক জানান, শুরুর দিকে সিদ্ধার্থ নাকি শেহনাজ এবং আসিম রিয়াজ- দু’জনকেই নিয়ে নানা রসিকতা করতেন। আবুর কথায়, একবার মজা করে সিদ্ধার্থ বলেছিলেন, আসিম নাকি হিটলার কে, সেটাই জানতেন না। সেই প্রসঙ্গেই শেহনাজকে নিয়ে রসিকতা করে সিদ্ধার্থ নাকি বলেন, “ও যদি হিটলার না চেনে, তা হলে ও হয়তো জার্মানিও চেনে না। এখন তুমি চাও আমি এদের সঙ্গে যুক্ত হই?”
তবে আবু এই মন্তব্যকে গুরুত্ব না দিয়ে হালকা মজার ছলেই দেখেছেন। তাঁর মতে, সিদ্ধার্থ বরাবরই সোজাসাপ্টা স্বভাবের মানুষ ছিলেন এবং মনের কথা স্পষ্ট করে বলতেন।
যদিও প্রথম দিকের সেই সংশয় খুব বেশিদিন স্থায়ী হয়নি। কয়েক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। শেহনাজ প্রকাশ্যেই সিদ্ধার্থের প্রতি নিজের অনুরাগের কথা জানাতে শুরু করেন।
তাঁর সরলতা, দুষ্টুমি আর নির্ভেজাল আচরণ ধীরে ধীরে সিদ্ধার্থের সঙ্গেও এক বিশেষ বন্ধনের জন্ম দেয়। বাড়ির ভিতরে তাঁদের সম্পর্ক যেমন বদলাতে থাকে, তেমনই দর্শকদের কাছেও ‘সিডনাজ’ জুটি হয়ে ওঠে অত্যন্ত জনপ্রিয়।

শো শেষ হওয়ার পরও তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা থামেনি। যদিও কখনওই তাঁরা প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কোনও নির্দিষ্ট নাম দেননি, তবু অনুরাগীদের কাছে তাঁদের বন্ধন ছিল নিঃসন্দেহে বিশেষ। উল্লেখযোগ্যভাবে, ২০২০ সালে ‘বিগ বস ১৩’-এর বিজয়ী হন সিদ্ধার্থ শুক্লা।
২০২১ সালের ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত হন সিদ্ধার্থ। তাঁর মৃত্যু শোকস্তব্ধ করে দেয় গোটা বিনোদন জগতকে। সিদ্ধার্থের স্মৃতিতে শেহনাজ প্রকাশ করেন ‘তু ইয়াহি হ্যায়’ নামের একটি আবেগঘন মিউজিক ভিডিও, যা ছিল তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য। এমনকি ‘বিগ বস ১৫’-এর ফাইনালেও সিদ্ধার্থকে বিশেষভাবে স্মরণ করেন তিনি।
সম্প্রতি এক পডকাস্টে শেহনাজ জানান, সিদ্ধার্থ তাঁর জীবনে গভীর প্রভাব রেখে গিয়েছেন। তাঁর কথায়, সেই কঠিন সময়ের অভিজ্ঞতাই তাঁকে আরও পরিণত মানুষ করে তুলেছে।
বর্তমানে কাজের ক্ষেত্রেও নিজেকে ব্যস্ত রেখেছেন শেহনাজ। তাঁকে শেষ দেখা গিয়েছে ‘ইক কুড়ি’ ছবিতে। এর আগে ২০২৩ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ ছবিতে অভিনয় করেন তিনি। পাশাপাশি ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ ছবির ‘সাজনা ভে সাজনা’ গানেও তাঁর উপস্থিতি নজর কেড়েছে।
এসকে/টিএ