মা হতে চলেছেন হিনা খান?
ছবি: সংগৃহীত
০৮:৪৯ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই এখনো শেষ হয়নি, আনুষ্ঠানিকভাবে সুস্থতার ঘোষণাও আসেনি এর মধ্যেই নতুন এক জল্পনায় ঘিরে ধরেছে ছোট পর্দার জনপ্রিয় মুখ হিনা খানকে। অনুরাগীদের একাংশের দাবি, তিনি নাকি মা হতে চলেছেন। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে কোনো নিশ্চিত বার্তা পাওয়া যায়নি, তবু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ঘিরেই শুরু হয়েছে জোর আলোচনা।
সম্প্রতি হিনা নিজের কিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সেখানে তাকে দেখা যায় হালকা রঙের সালোয়ার-কামিজে। তবে ছবিতে ওড়না জড়িয়ে রাখার ভঙ্গি দেখে অনেকেরই মনে হয়েছে, তিনি যেন স্ফীত উদর আড়াল করার চেষ্টা করছেন। এই অনুমান থেকেই ছড়িয়ে পড়ে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। ছবির মন্তব্য ঘরে মুহূর্তেই ভরে যায় শুভকামনা ও কৌতূহলী প্রশ্নে।

এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে একটি টেলিভিশন অনুষ্ঠানের সাম্প্রতিক পর্বও। সেখানে হিনা তার স্বামী রকি জয়সওয়ালের সঙ্গে হাজির হলে সঞ্চালক হঠাৎই সন্তান বিষয়ক নানা পরামর্শ দিতে শুরু করেন। সেই দৃশ্য দেখেই অনেক দর্শক ধরে নেন, নিশ্চয়ই সুখবর লুকিয়ে রাখছেন অভিনেত্রী। যদিও পুরো বিষয়টি ছিল হালকা আড্ডার অংশ, তবু অনুরাগীদের কল্পনায় সেটিই যেন ইঙ্গিতে পরিণত হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই প্রকাশ করেছিলেন হিনা। সেই সময় থেকে তার প্রতিটি পদক্ষেপে ছিল সাহস আর দৃঢ়তার ছাপ। হাসপাতালের শয্যা থেকে কষ্টের কথা জানালেও বারবার নিজেকে শক্ত রেখেছেন তিনি। এমনকি অসুস্থতার মধ্যেই দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করে নতুন জীবন শুরু করেন। জীবনযুদ্ধের সেই অধ্যায় এখনো চলমান, তাই নতুন এই মাতৃত্বের গুঞ্জন নিয়ে অনেকেই বিস্মিত, আবার অনেকে আশাবাদীও।
ক্যানসারের প্রথম খবর জানার মুহূর্তটিও তিনি এক সাক্ষাৎকারে স্মরণ করেছিলেন। বলেছিলেন, ভেঙে না পড়ে বরং নিজের প্রিয় খাবার অর্ডার করে খেয়েছিলেন, যেন কঠিন সত্যের সামনে নিজেকে স্থির রাখা যায়। সেই মানসিক শক্তিই তাকে ভক্তদের চোখে অনন্য করে তুলেছে। তাই আজ যখন নতুন জীবনের সম্ভাবনার কথা উঠছে, তখন সেটিও যেন অনুরাগীদের কাছে এক আশার আলো হয়ে দেখা দিচ্ছে যদিও সত্যতা এখনো অজানাই রয়ে গেছে।
পিআর/টিকে