© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়ার জন্য দোয়া চাইলেন ভক্ত-সহশিল্পীরা

শেয়ার করুন:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়ার জন্য দোয়া চাইলেন ভক্ত-সহশিল্পীরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০০ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অস্ত্রোপচারের খবর প্রকাশের পর থেকেই সহশিল্পী ও ভক্তরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মস্তিষ্কে প্রায় চার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করা হয়। সন্ধ্যার পর পরিচালক সকাল আহমেদ গণমাধ্যমকে জানান, 'অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত বড় কোনো জটিলতা নেই। তাঁকে পোস্ট–অপারেটিভ কেয়ারে রাখা হয়েছে। পর্যবেক্ষণ শেষে কেবিনে স্থানান্তর করা হবে।'

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অপারেশনের পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রাথমিকভাবে কোনো জটিলতার লক্ষণ পাওয়া যায়নি। পরিবার সূত্রে জানা গেছে, তানিয়া সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে শারীরিকভাবে স্থিতিশীল হচ্ছেন।

রাত পৌনে ১১টার দিকে নির্মাতা হাসান রেজাউল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির সার্জারি সফল হয়েছে। টিউমার অপসারণ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা অবজারভেশনে রাখা হবে। এখনই তাকে পুরোপুরি বিপদমুক্ত বলা যাচ্ছে না। সবাই দোয়া করবেন। হাসপাতালে অযথা ভিড় ও অতিরিক্ত ফোনকল থেকে বিরত থাকার অনুরোধ রইল।'

এর আগে অভিনেত্রীর অসুস্থতার খবরটি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকেই জানানো হয়। ভালোবাসা দিবসে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, 'কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।'



কীভাবে ধরা পড়ে অসুস্থতা

পরিচালক সকাল আহমেদের ভাষ্য অনুযায়ী, বেশ কিছুদিন ধরে তীব্র মাথাব্যথা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন তানিয়া। শুরুতে গুরুত্ব না দিলেও কয়েক দিন আগে অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ব্রেন টিউমার ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সহকর্মীদের উদ্বেগ ও ভালোবাসা

তানিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই শোবিজ অঙ্গনে উদ্বেগ দেখা দেয়। অভিনেত্রী সামিরা খান মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'হাসপাতালের বিছানায় নয়, তোমাকে আবার হাসিমুখে আমাদের মাঝে দেখতে চাই।' তিনি দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক বার্তা দিয়ে তাঁর পাশে থাকার অঙ্গীকার জানিয়েছেন। কেউ শেয়ার করছেন কাজের স্মৃতি, কেউ বা পুরোনো ছবিতে ভরিয়ে তুলছেন টাইমলাইন। সবার একটাই প্রত্যাশা দ্রুত সুস্থ হয়ে আবারও অভিনয়ের মঞ্চে ফিরবেন তানিয়া।
ক্যারিয়ারের ব্যস্ত সময়ে অসুস্থতা

এই প্রজন্মের ব্যস্ত নাট্যাভিনেত্রীদের একজন তানিয়া বৃষ্টি। সাম্প্রতিক সময়ে একাধিক একক নাটকে অভিনয় করে দর্শকের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা পেয়েছেন। তাঁর অভিনীত ‘জামাই বউ বাটপার’, ‘পানু হেটস রানু’, ‘দাদীর দাদাগিরি’, ‘সুইট প্রেমিক’, ‘কাবিনের বোঝা’ ও ‘রেগে গেলাম তো হেরে গেলাম’ নাটকগুলো সম্প্রতি মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘সুইট প্রেমিক’ দর্শকমহলে বেশ সাড়া ফেলে।

এ ছাড়া তুহিন হোসেনের ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। সোহেল রানা ইমন–এর নির্দেশনায় ‘এই শহরে মেঘেরা একা’ নাটকেও তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে।

ব্যস্ত ক্যারিয়ারের মধ্যেই হঠাৎ অসুস্থতা যেন থমকে দিয়েছে সবকিছু। তবে সহকর্মী ও ভক্তদের প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে চেনা হাসি নিয়ে আবারও ফিরবেন লাইট–ক্যামেরা–অ্যাকশনের জগতে।

পিআর/টিকে

মন্তব্য করুন