© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মন্ত্রিসভায় স্থান পেতে পারেন নোয়াখালীর চার নেতা

শেয়ার করুন:
মন্ত্রিসভায় স্থান পেতে পারেন নোয়াখালীর চার নেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৬ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর নোয়াখালীর ১৩টি সংসদীয় আসনের মধ্যে ১২টিতেই জয় পেয়েছে বিএনপি। বাকি একটি আসনে জয় পেয়েছে জামায়াত জোটের শরিক (এনসিপি)। বিপুল বিজয়ে নোয়াখালীজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর এখন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে নোয়াখালীর কোন কোন নেতা মন্ত্রিসভায় স্থান পেতে পারেন-তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনা চলছে।

দলীয় ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, নোয়াখালী থেকে অন্তত চারজন নেতা মন্ত্রিসভায় থাকতে পারেন। তারা হলেন- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জয়নুল আবদিন ফারুক, বরকত উল্লাহ বুলু ও মো. শাহজাহান।

জানা গেছে, নোয়াখালী-১ আসন থেকে নির্বাচিত মাহবুব উদ্দিন খোকন দীর্ঘদিন ধরে আইন অঙ্গনে সক্রিয় এবং অতীতেও সংসদ সদস্য ছিলেন। সাবেক চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক নোয়াখালী-২ আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন। নোয়াখালী-৩ আসনের বরকত উল্লাহ বুলু পূর্বে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর নোয়াখালী-৪ আসনের মো. শাহজাহান একাধিকবার সংসদ সদস্য হিসেবে স্থানীয় উন্নয়ন দাবিগুলো জাতীয় সংসদে তুলে ধরেছেন।

দলীয় সূত্রে আরও জানা গেছে, সম্ভাব্য দায়িত্ব বণ্টন নিয়েও আলোচনা চলছে। সে হিসেবে মাহবুব উদ্দিন খোকন আইনমন্ত্রী, বরকত উল্লাহ বুলু শিল্প ও বাণিজ্যমন্ত্রী, মো. শাহজাহান ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী এবং জয়নুল আবদিন ফারুক সংসদের উপনেতা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নোয়াখালীর মানুষ সম্ভাব্য মন্ত্রীদের কাছে বেশ কয়েকটি বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি তুলেছেন। এর মধ্যে রয়েছে- নোয়াখালী বিভাগ বাস্তবায়ন, সিটি করপোরেশন গঠন, সুবর্ণচর ইপিজেড স্থাপন, সোনাপুর থেকে চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন এবং ঢাকা-নোয়াখালী রুটে নতুন ট্রেন চালু। তবে চূড়ান্ত সিদ্ধান্ত একান্তই দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর নির্ভর করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনর রশীদ আজাদ বলেন, নোয়াখালী জেলাসহ বৃহত্তর নোয়াখালী এবারও বিএনপির ঘাঁটি হিসেবে নিজেদের অবস্থান প্রমাণ করেছে। ভোটারদের বিপুল সমর্থন দলকে আরও শক্ত অবস্থানে নিয়েছে বলে তারা মন্তব্য করেন।

তারা আরও জানান, এবারের নির্বাচনি ফলাফলের ধারাবাহিকতায় মন্ত্রিসভায় নোয়াখালীর প্রতিনিধিত্ব থাকার বিষয়ে তারা আশাবাদী। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের চেয়ারম্যান তারেক রহমান নেবেন- এমন আস্থার কথাও জানান তারা।

আরআই/টিকে

মন্তব্য করুন