© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাতিল হওয়া ভোট মির্জা আব্বাসের পক্ষে যোগ হয়নি: আফরোজা আব্বাস

শেয়ার করুন:
বাতিল হওয়া ভোট মির্জা আব্বাসের পক্ষে যোগ হয়নি: আফরোজা আব্বাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৫ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ভোটগ্রহণে প্রিসাইডিং অফিসাররা অনিয়ম করেছেন বলে অভিযোগ তুলেছেন মির্জা আব্বাসের স্ত্রী ও প্রধান নির্বাচনী এজেন্ট আফরোজা আব্বাস।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন অভিযোগ করেন।
 
আফরোজা আব্বাস বলেন, নির্বাচনে বিজয়ী মির্জা আব্বাসের পক্ষ থেকে কোনো অনিয়মের আশ্রয় নেয়া হয়নি। নির্বাচনে আমি প্রধান এজেন্ট ছিলাম বলেই সব কেন্দ্রে যাওয়ার এক্সেস আমার ছিল। আমি নিয়ম বহির্ভূতভাবে কোনো কেন্দ্রে গিয়ে প্রভাব বিস্তার করিনি।
 
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসাররা ফাঁকা জাগায় পড়া ভোট, ধানের শীষে যোগ করেনি; বরং তারাই অনিয়ম করেছে।
 
বাতিল হওয়া ভোট বিষয়ে তিনি বলেন, ফাঁকা জায়গায় পড়া ভোটগুলো ধানের শীষে যোগ করার জন্য আবেদন আমরা করেছিলাম, যদিও কাজ হয়নি। যোগ হলে মির্জা আব্বাসের ঝুলিতে আরো কয়েক হাজার ভোট যোগ হতো।
  
এদিকে ঢাকা-৮ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরেও রাজপথের আলোচিত মুখ নাসীরুদ্দীন পাটওয়ারী এখন টক অব দ্য কান্ট্রি। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনে মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হলেও, ৫৪ হাজার ১২৭ ভোট পেয়ে চমক দেখিয়েছেন নাসীরুদ্দীন। ভোটের লড়াইয়ে ব্যবধান মাত্র ৫ হাজার ২০৯।
  
তবে এই ফল না মেনে নির্বাচন কমিশনে ভোট পুনঃগণনার আবেদন করেছেন নাসীরুদ্দীন। আবেদনে তিনি বলেন, সার্বিক বিবেচনায় ঢাকা-৮ আসনে অনিয়ম, কারচুপি ও বেআইনি প্রভাব বিস্তারের মাধ্যমে ফলাফল অনুকূলে নেয়ার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেয়া এবং মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস ও তার সন্ত্রাসী কর্মী বাহিনীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে ঢাকা-৮ আসনের ভোট পুনঃগণনার দাবি জানাচ্ছি এবং আইনানুগভাবে বাতিল ঘোষিত ভোট ধানের শীষের ভোট থেকে বাদ দিয়ে নতুন করে ফলাফল প্রকাশের অনুরোধ করছি।

এমআই/এসএন

মন্তব্য করুন