মওকা আবার গেল: বিবেক ওবেরয়
ছবি: সংগৃহীত
০৬:০৬ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
কলম্বোর মাঠে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই, আর ফলাফলও যেন সেই চেনা গল্পের পুনরাবৃত্তি। বিশ্বকাপের মঞ্চে ভারতের সামনে দাঁড়িয়েও টিকতে পারল না পাকিস্তান। ম্যাচ শুরুর আগে অনেকেই ধারণা করেছিলেন, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার দিক থেকে পাকিস্তান কিছুটা এগিয়েই থাকবে। কিন্তু খেলা গড়াতেই বদলে যায় চিত্র। ব্যাট হাতে ঝড় তোলেন ঈশান কিষান।
তার ৭৭ রানের বিধ্বংসী ইনিংসে কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ভারতের হাতে। শেষ পর্যন্ত ৬১ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় ভারতীয় দল।
এই জয়ের পর উচ্ছ্বাসে ভেসে যায় ভারতীয় চলচ্চিত্র অঙ্গনও। সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে অভিনন্দন আর উল্লাসে শামিল হন একের পর এক তারকা। অনুপম খের ম্যাচের মুহূর্ত ভাগ করে নেন নিজের অনুসারীদের সঙ্গে। অজয় দেবগণ লেখেন, দল জয়ের কাজটাকে সহজ করে তুলেছে। অনিল কাপুর ভারতীয় দলের পারফরম্যান্সে গর্ব প্রকাশ করেন। ছবির প্রচারের ব্যস্ততার মধ্যেও খেলা থেকে চোখ সরাননি সিদ্ধান্ত চতুর্বেদী।

ম্যাচ শেষে কটাক্ষও কম হয়নি। বিবেক ওবেরয় বিখ্যাত বিজ্ঞাপনের প্রসঙ্গ টেনে বলেন, সুযোগ আবারও হাতছাড়া করল পাকিস্তান। তার ভাষায়, ঈশানের ব্যাটিং আর বোলারদের ধারালো আক্রমণে গোটা ম্যাচেই প্রাধান্য ছিল ভারতের। উল্লাসে যোগ দেন অর্জুন রামপাল ও পরেশ রাওয়াল। তবে সবচেয়ে তীব্র খোঁচাটি আসে আয়ুষ্মান খুরানার কাছ থেকে। তার মন্তব্য, যে ম্যাচ নিয়ে এত উত্তেজনা ছিল সেটিই সবচেয়ে একপেশে হয়ে গেল।
পরিসংখ্যানও ভারতের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপের ইতিহাসে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অধিকাংশ সময়ই জয়ের হাসি হেসেছে ভারত। কলম্বোর এই জয়ের ফলে টানা তিন ম্যাচ জিতে পরবর্তী পর্বে নিজেদের অবস্থান আরও মজবুত করল দলটি। শুরুতে পাকিস্তান কিছুটা সুবিধা পাবে বলে ধারণা থাকলেও মাঠের খেলায় সেই সম্ভাবনা দ্রুতই মিলিয়ে যায়।
এসএস/টিএ