অন্তবর্তী সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়োগে কোনো দুর্নীতি হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত
০৬:১২ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
অন্তবর্তী সরকারের মেয়াদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরে 'হল অভ ইন্টেগ্রিটি'-তে পুলিশ অধিদফতর আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি। সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে এসব নিয়োগ প্রদান করা হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে বিরল। তিনি দাবি করেন, এসব নিয়োগের ক্ষেত্রে অন্তত আমার দফতর থেকে কোনো ধরনের তদবির করা হয়নি তা হলফ করে বলতে পারি।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ যে অবস্থায় নিপতিত হয়েছিলো, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পুলিশের অবস্থান আজ যথেষ্ট সম্মানজনক পর্যায়ে উন্নীত হয়েছে। উপদেষ্টা সেজন্য সন্তোষ প্রকাশ করেন ও পুলিশের এ সম্মানজনক অবস্থানকে আরো উন্নীত করতে সচেষ্ট হওয়ার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, গতকাল অনুষ্ঠিত বিশেষ কেবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকার অকুণ্ঠ প্রশংসা করেছেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন আইজিপি বাহারুল আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র্যাব (এসআইএফ)-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) আওলাদ হোসেন।
এসএস/টিএ