মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ২০টি বাড়িঘরে ভাঙচুর-লুটপাট
ছবি: সংগৃহীত
০৭:৪২ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
মাগুরার শ্রীপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অন্তত ২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের নতুন পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গয়েশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি পাঞ্জাব আলী ও একই ওয়ার্ড বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ওহাব মণ্ডলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যায় পাঞ্জাব আলীর সমর্থক রকি স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে ওহাব মণ্ডলের সমর্থকদের হামলার শিকার হন। তাকে মারধরের ঘটনার জেরে রাত সাড়ে ৯টার দিকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয়পক্ষের অন্তত ২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পাশাপাশি দুটি লাটা গাড়িও ভাঙচুর করা হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। এ সময় ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ১০ জনকে আটক করে। আটকদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের স্থানীয় রাজনৈতিক নেতারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতোয়ার রহমান দেশের একটি গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমআই/টিএ