নতুন গান নিয়ে হাজির তারেক-মুক্তা
ছবি: সংগৃহীত
০৯:০৫ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ভালোবাসা দিবসকে ঘিরে নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী মুক্তা মজুমদার। ‘প্রেমের মানুষ’ শিরোনামে গানটির কথা লিখেছেন তারেক আনন্দ, আর সুর ও সংগীত পরিচালনায় ছিলেন সজীব দাস। আধুনিক মেলোডিয়াস আবহে নির্মিত এই গানটি প্রকাশ হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে।
নতুন গান নিয়ে বেশ আশাবাদী মুক্তা।
তার মতে, ভালোবাসার অনুভূতিকে সহজ ভাষায় প্রকাশ করার চেষ্টা করা হয়েছে এতে, যা শ্রোতাদের সঙ্গে আবেগের সংযোগ তৈরি করবে।
শৈশব থেকেই সংগীতের প্রতি গভীর আকর্ষণ ছিল তার। ওস্তাদ পঙ্কজ ধর, শ্যামলী বড়ুয়া ও নীরদ বরণ বড়ুয়ার কাছে প্রাথমিক তালিম নেওয়ার পর উচ্চতর শিক্ষার জন্য তিনি ভর্তি হন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়-এ। সেখান থেকে সংগীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেন।
২০১০ সালে জি-সিরিজ থেকে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম ‘দ্বার খুলে’ দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন মুক্তা। এরপর ২০১৩ সালে ‘মুক্তা উইথ কো-আর্টিস্ট’সহ একাধিক কাজের মাধ্যমে শ্রোতাদের মাঝে নিজের অবস্থান আরও শক্ত করেন।
‘দ্বার খুলে বসে আছি’, ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’ ও ‘শেষ হবে না’—এর মতো গান দিয়ে ইতোমধ্যে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
এসএন