© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবারও কি হলিউডের সিরিজে যোগ দিচ্ছেন দীপিকা?

শেয়ার করুন:
আবারও কি হলিউডের সিরিজে যোগ দিচ্ছেন দীপিকা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২০ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের ‘মাস্তানি’ আবারও পা রাখতে চলেছেন হলিউডের মাটিতে। ২০১৭ সালে ‘ট্রিপল এক্স: ‘রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক পর্দায় অভিষেক হয়েছিল দীপিকা পাড়ুকোনের। সেখানে হলিউড তারকা ভিন ডিজেলের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। উল্লেখযোগ্য বিষয়, ভিনদেশি প্রযোজনা হলেও ছবিটি প্রথম মুক্তি পেয়েছিল ভারতীয় প্রেক্ষাগৃহে। তবে প্রত্যাশা সত্ত্বেও বক্স অফিসে সাফল্য পায়নি সিনেমাটি।



এরপর দীর্ঘ সময় আর কোনো আন্তর্জাতিক প্রজেক্টে দেখা যায়নি দীপিকাকে। প্রায় এক দশক পর আবারও জোর গুঞ্জন। হলিউডে ফিরছেন দীপিকা।

শোনা যাচ্ছে, জনপ্রিয় এইচবিও সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’ এর চতুর্থ মরসুমে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে তাকে। ২০২১ সালে প্রথম সম্প্রচারিত হওয়ার পর থেকেই সিরিজটি বিশ্বজুড়ে আলোচনায়। ২০২২ সালে দ্বিতীয় সিজন এবং ২০২৪ সালে তৃতীয় সিজন মুক্তি পায়। রহস্য ও মানবসম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত এই অ্যান্থলজি সিরিজ ইতোমধ্যেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এবং এমি ও গোল্ডেন গ্লোবসহ একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে।



‘দ্য হোয়াইট লোটাস’ এর তৃতীয় সিজনে দীপিকার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত অভিনয় করা হয়নি তার। কারণ, ২০২৪ সালে অন্তঃসত্ত্বা থাকার কারণে বিদেশে দীর্ঘ শুটিং সূচিতে অংশ নেওয়া সম্ভব হয়নি। তবে এখন পরিস্থিতি ভিন্ন। আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, চতুর্থ সিজনের জন্য প্রাথমিক আলোচনা অনেকটাই এগিয়েছে।

নতুন মরসুমের শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা, আর সে কারণেই ফ্রান্সে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। যদি সবকিছু চূড়ান্ত হয়, তবে দীপিকা স্ক্রিন শেয়ার করবেন হলিউডের শক্তিশালী অভিনেত্রী হেলেনা বনহাম কার্টা এবং অভিনেতা ক্রিস মেসিনার সঙ্গে। আন্তর্জাতিক মানের এমন অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করা নিঃসন্দেহে দীপিকার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।

এদিকে বলিউডেও সমান ব্যস্ত তিনি। পরিচালক সিদ্ধার্থ আনন্দের অ্যাকশনধর্মী ছবি ‘কিং’ সিনেমায় আবারও জুটি বাঁধবেন শাহরুখ খানের সঙ্গে। পাশাপাশি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গেও একটি বড় প্রজেক্টে কাজের কথাবার্তা চলছে। অর্থাৎ দেশি-বিদেশি। দু-দিকেই নিজের অবস্থান মজবুত করছেন দীপিকা। হলিউডে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে।

‘দ্য হোয়াইট লোটাস’-এর মতো সমালোচক প্রশংসিত ও পুরস্কারজয়ী সিরিজে যদি সত্যিই তাঁকে দেখা যায়, তবে তা শুধু তাঁর ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য নয়, ভারতীয় শিল্পীদের আন্তর্জাতিক উপস্থিতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার। সূত্র: জয়হো ডটকম

এসএন

মন্তব্য করুন