সবাইকে নিয়ে কাজের অঙ্গীকার করেছেন তারেক রহমান: চরমোনাই পীর
ছবি: সংগৃহীত
১০:০০ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
দেশের স্বার্থে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থেকে কাজ করার অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে সাক্ষাৎ করতে এসে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশকে আগামীকালের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নায়েবে আমির।
রেজাউল করিম বলেন, দুই দলীয় প্রধানের মধ্যে অত্যন্ত সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। যদি ইসলাম এবং দেশবিরোধী কাজ করে তাহলে আমরা প্রতিবাদ করব। আর তারেক রহমান বলেছেন প্রতিবাদ করার আগে আলোচনা করতে।
তিনি আরও বলেন, কেনো একটি মাত্র আসন পেলাম-আমরা এ ব্যাপারে তদন্ত করছি।
প্রায় এক ঘণ্টা তারেক রহমান সৈয়দ রেজাউল করীমের বাসায় অবস্থান করেন। সৌজন্য সাক্ষাতে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা অংশ নেন।
বৈঠকে তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন। গণতান্ত্রিক পন্থায় দেশকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে চান তিনি।
পাশাপাশি যৌক্তিক কোনো দাবিতে আন্দোলনের আগে সরকারের সাথে আলোচনায় বসার অনুরোধ জানান।
এমআই/টিএ