বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ
ছবি: সংগৃহীত
১০:২৭ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলের কোনো এক সময় পতকাটি উত্তোলন করা হয়।
এছাড়া এদিন সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে 'বগুড়া জেলা আওয়ামী লীগ'- নামের ফেসবুক আইডিতে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকার ছবিসহ একটি পোস্ট দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ওই পোস্টে লেখা হয়, 'বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন দলীয় নেতা-কর্মীরা। আমাদের কেউ দাবায়া রাখতে পারবা না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।'
২০২৪ সালে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। অনেকে রয়েছেন জেলখানায়। এ কারণে জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল কোনো নেতার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জেলা আওয়ামী লীগ অফিসের নিচের তলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বগুড়া জেলা অফিস।
জেলা সিপিবির সভাপতি আমিনুল ফরিদের কাছে এ বিষয়ে জানতে চাইলে জানান, বিকেল ৪টা পর্যন্ত অফিসে ছিলেন। এরপর বের হয়ে যান। তখন কোনো পতাকা ছিল না। সন্ধ্যায় ফিরে এসে দেখেন দোতলায় পতাকাটি ঝুলছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, 'এ বিষয়ে আমি অবগত নই। খোঁজ-খবর নিয়ে দেখব, ঘটনা আসলেই সত্য কি না।'
এর আগে, ২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলনকালে জেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়। পরে ৫ আগস্ট কার্যালয়টিতে আগুন দেওয়া হয়।
২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন ছাত্র ইউনিয়নের কার্যালয়টি অক্ষত রাখা হয়। বর্তমানে কার্যালয়টির ধ্বংসাশেষে কিছু ছিন্নমূল মানুষ বসবাস করেন।
ইউটি/টিএ