ইসরায়েলি প্রভাবমুক্ত আলোচনা চায় ইরান, যুক্তরাষ্ট্রকে স্বাধীন সিদ্ধান্তের আহ্বান
ছবি: সংগৃহীত
০১:৫৯ এএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
তেহরান জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলের প্রভাবের বাইরে থেকে নিজস্ব স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে ইরান বলেছে, তারা এখনো আলোচনায় উন্মুক্ত, তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার অংশ হবে না।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি বলেন, পারমাণবিক আলোচনা প্রক্রিয়া চলমান রয়েছে এবং আঞ্চলিক কয়েকটি দেশও আলোচনায় সহায়তা করছে।
তিনি জানান, ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের অবস্থান জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।
লারিজানি জোর দিয়ে বলেন, ইরান আলোচনায় সহযোগিতায় প্রস্তুত এবং তারা পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না-এ বিষয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মিল রয়েছে। তবে আলোচনা দীর্ঘায়িত হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তিনি স্পষ্ট করেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আলাদা এবং এটি জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত একটি অভ্যন্তরীণ বিষয়। এটি কোনোভাবেই পারমাণবিক আলোচনার অংশ হতে পারে না।’
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনার প্রস্তাবও আলোচনার টেবিলে নেই বলে জানান লারিজানি। তাঁর ভাষ্য, ‘যে দেশ ইতোমধ্যে এই প্রযুক্তিতে দক্ষতা অর্জন করেছে, তাদের জন্য এটি শূন্যে নামিয়ে আনা বাস্তবসম্মত নয়।’ তিনি চিকিৎসা গবেষণা ও স্বাস্থ্য খাতে সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
ইসরায়েলের বিরুদ্ধে আলোচনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ ও অস্থিতিশীলতা তৈরির অভিযোগ তুলে লারিজানি বলেন, ‘আমাদের আলোচনা কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে। ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা নেই। কিন্তু তারা এই প্রক্রিয়ায় নিজেদের জড়িয়ে আলোচনাকে নস্যাৎ করার চেষ্টা করছে।’
তিনি আরও জানান, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ইরান-সৌদি আরব এবং তুরস্কের সঙ্গে সহযোগিতায় প্রস্তুত।
গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাত প্রসঙ্গে লারিজানি স্বীকার করেন, ইরানের গোয়েন্দা সক্ষমতা প্রচারের তুলনায় ততটা শক্তিশালী ছিল না। তবে তিনি দাবি করেন, নিরাপত্তা ব্যবস্থায় জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ওই হামলা দেশটির ভেতরে জাতীয় ঐক্য আরও সুসংহত করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমআর/টিএ