© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে ফুটপাতে রাখা হলো করোনা রোগীদের

শেয়ার করুন:
ভারতে ফুটপাতে রাখা হলো করোনা রোগীদের
international-desk
০৬:০৩ পিএম | ২৬ এপ্রিল, ২০২০

ভারতে হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এরই মধ্যে দেশটির প্রায় সব সরকারি হাসপাতালের বেড ভর্তি হয়ে গেছে। এছাড়া প্রাইভেট হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীদের ভিড়। কিন্তু দ্রুত গতিতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে জায়গা পাচ্ছেন না অনেকেই। তাই ফুটপাত ও হাসপাতালের আশেপাশে রোগীরা ঘুরঘুর করছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উত্তরপ্রদেশের এটাওয়াতে গত বৃহস্পতিবার সকালে ৬৯ জন কোভিড-১৯ রোগীকে ভর্তির জন্য অপেক্ষা করতে হয় এটাওয়ার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরের ফুটপাতে। রোগীদের অপেক্ষা করার সেই দৃশ্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এনডিটিভি বলছে, ওই রোগীদের ভর্তি করার জন্য আগ্রা থেকে একটি বাসে করে সাইফাইয়ের ওই সরকারি হাসপাতালে পাঠানো হয়। কিন্তু বাসটি হাসপাতালের সামনে পৌঁছতেই ঘটে ঝামেলা।

ওই রোগীদের ভর্তিসংক্রান্ত বিষয় নিয়ে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। ওই সময় উপায়ন্তর না পেয়ে রোগীরা ফুটপাতে বসে ধুঁকতে থাকেন। কারণ ওই সময় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের হাসপাতালের বাইরেই অপেক্ষা করতে বলেছিল।

কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের এমন অমানবিক আচরণ ও রোগীদের ফুটপাতে বসে থাকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভারত জুড়ে সমালোচনা হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশ মেডিকেল সায়েন্সেস ইউনিভার্সিটির ভিসি ড. রাজকুমার বলেন, প্রকৃত পক্ষে কার অবহেলা বা ত্রুটির কারণে এ ধরণের ঘটনা ঘটেছে তা আমার জানা নেই।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন