সচিবালয়ে বুধবার অফিস করতে পারেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত
১১:৪৭ এএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ে হয়ে শপথ নেয়ার পর নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সচিবালয়ে অফিস করতে বলে জানা গেছে।
এরইমধ্যে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা বেলা পৌনে ১১টার দিকে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেন। গঠিত হতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন তাদের শপথবাক্য পাঠ করান। পরে বিকেলে নতুন সরকারের মন্ত্রিরা শপথ নেবেন।
মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, নতুন সরকার গঠনের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সাথে বিশেষ বৈঠক এবং সচিবদের সাথে মতবিনিময় সভা করবেন তিনি।
এছাড়া ওইদিন সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে তিনি অফিস করবেন।
সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বেলা ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন।
বৈঠকের কোনো এজেন্ডা নেই বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সাথে মতবিনিময় করবেন তিনি।
টিজে/টিকে