ভারতে হচ্ছে বিশ্ব এআই সম্মেলন
ছবি: সংগৃহীত
১২:১৫ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বিশ্বের প্রযুক্তি মানচিত্রে নিজেদের অবস্থান সুসংহত করতে বিশ্ব এআই সম্মেলনের আয়োজন করেছে ভারত। নয়াদিল্লিতে রাজকীয় এ সম্মেলনে যোগ দিচ্ছেন গুগল, মাইক্রোসফট ও ওপেনএআইয়ের মতো বৈশ্বিক প্রযুক্তি কোম্পানির প্রধানরা। গতকাল সোমবার থেকে শুরু হওয়া এ ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’কে ভারতীয় কর্মকর্তারা এমন এক প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন, যা বিশ্বজুড়ে এআই নীতিনির্ধারণে উন্নয়নশীল বিভিন্ন দেশের মতামতকে জোরাল করবে।
রয়টার্স বলছে, প্রথমবারের মতো বিশ্বের উন্নয়নশীল কোনো দেশে এ ধরনের বড় কোনো বৈশ্বিক ইভেন্ট আয়োজিত হচ্ছে। প্রযুক্তি খাতে ভারত যখন আরও বেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে, ঠিক সে সময় এ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।
বিভিন্ন এআই কোম্পানির জন্য এখন অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে ভারত। ২০৩০ সালের মধ্যে ভারতে এআই ও ক্লাউড অবকাঠামো খাতে সব মিলিয়ে প্রায় ৬ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে গুগল, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো বিভিন্ন মার্কিন কোম্পানি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘এ সম্মেলনের মূল লক্ষ্য সবার কল্যাণ ও সুখ। মানুষের প্রয়োজনে এআইকে কাজে লাগিয়ে মানবকেন্দ্রিক উন্নতির পথে আমাদের সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন এ সম্মেলন।’ সম্মেলনের মূল বক্তাদের তালিকায় রয়েছেন বিখ্যাত সব ব্যক্তিত্ব। যাদের মধ্যে রয়েছেন গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের প্রধান সিইও সুন্দার পিচাই, ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান, অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই ও রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এ ছাড়া বৃহস্পতিবার এ সম্মেলনে বক্তব্য দেবেন গুগল ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিস। এ দিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গেও মঞ্চ শেয়ার করবেন প্রধানমন্ত্রী মোদি। বর্তমানে ভারত সফরে রয়েছেন মাখোঁ। ভারতের এ সম্মেলনে প্রায় আড়াই লাখ দর্শনার্থী আসতে পারে। ৩০ কোটি ডলার ব্যয়ে নির্মিত বিশাল কনভেনশন সেন্টার ‘ভারত মণ্ডপম’-এর ৭০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে তিনশর বেশি প্রদর্শক নিজেদের প্রযুক্তি তুলে ধরবেন।
আরআই/টিকে