© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪৫ ভোট পেয়ে জামানত হারালেও মাইকিং করে ধন্যবাদ জানালেন প্রার্থী নিজেই!

শেয়ার করুন:
২৪৫ ভোট পেয়ে জামানত হারালেও মাইকিং করে ধন্যবাদ জানালেন প্রার্থী নিজেই!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৬ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
জয়-পরাজয় ছাপিয়ে কৃতজ্ঞতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী হোসনে আরা বেগম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ২৪৫ ভোট পেয়ে জামানত হারালেও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে তিনি নিজেই রাজপথে নেমেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শহরের কথাকলি মার্কেট এলাকায় ইজিবাইকে করে নিজ কণ্ঠে মাইকিং করে ভোটারদের ধন্যবাদ জানান এই নারী প্রার্থী। হাতে মাউথপিস নিয়ে তার এমন ব্যতিক্রমী কৃতজ্ঞতা প্রকাশের দৃশ্য এখন স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

পেশায় অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হোসনে আরা বেগম এবারের নির্বাচনে ‘হরিণ’ প্রতীক নিয়ে লড়াই করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এই আসনে ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট। হোসনে আরার প্রাপ্ত ভোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম হওয়ায় নিয়ম অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। তবুও প্রাপ্ত এই সামান্য ভোটকেই সাধারণ মানুষের বিশাল ভালোবাসা হিসেবে দেখছেন তিনি।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে হোসনে আরা বেগম বলেন, জয়-পরাজয় বড় বিষয় নয়, মানুষের ভালোবাসাই আমার কাছে বড়। তাই আমি নিজেই রাস্তায় নেমে ভোটারদের ধন্যবাদ জানিয়েছি। আমি যে ভোট পেয়েছি, সেটাই আমার কাছে অনেক। বিশেষ করে প্রবাসী ভাই-বোনদের ভোট পেয়ে আমি খুব আনন্দিত। আমি নির্বাচনে অংশ নিতে পেরে গর্বিত। যারা আমাকে ভোট দিয়েছেন, আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই।

সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

এসকে/টিকে

মন্তব্য করুন