প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন আব্দুল বারী
ছবি: সংগৃহীত
০৪:৫১ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন জয়পুরহাটের আব্দুল বারী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত এই নেতা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আনুষ্ঠানিক ডাক পেয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে তার দায়িত্বপ্রাপ্ত প্রটোকল কর্মকর্তা (অতিরিক্ত জেলা প্রশাসক) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা এখনো জানা যায়নি। ফলে জেলার রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে ছিল উৎসবমুখর পরিবেশ। ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে দেখা যায়, ধানের শীর্ষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আব্দুল বারী পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম রাশেদুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৫১৭ ভোট। ভোটের হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৪৩ শতাংশ, যা ভোটারদের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দেয়।
এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন। এর মধ্যে ২ লাখ ৫৮ হাজার ১৬০টি ভোট প্রদান করা হয়। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ১৩৭ এবং বাতিল ভোটের সংখ্যা ছিল ৬ হাজার ২৩। বিপুল ব্যবধানে জয় পাওয়ার মাধ্যমে আব্দুল বারী এলাকার জনগণের আস্থা ও সমর্থনের স্পষ্ট প্রতিফলন ঘটান।
প্রতিমন্ত্রী হিসেবে শপথের খবর ছড়িয়ে পড়ার পর কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরজুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। অনেকেই এটিকে জেলার জন্য গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন।
স্থানীয়দের প্রত্যাশা, মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির মাধ্যমে জয়পুরহাটের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং অবকাঠামো, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
ইউটি/টিএ