© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগামীকাল থেকেই সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেয়ার করুন:
আগামীকাল থেকেই সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৩ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে দেশে নতুন সরকার গঠিত হলো এবং ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদও গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, নতুন সরকার গঠনের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন এবং সরকারের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস শুরু করবেন। সেখানে পৌঁছানোর পর তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় যোগ দেবেন।

সভার কার্যক্রম শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করবেন এবং বিকাল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন। পরবর্তীতে বিকাল ৪টায় সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন প্রধানমন্ত্রী।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে তাকে গোপনীয়তার শপথও পাঠ করানো হয়।

আইকে/টিএ

মন্তব্য করুন