বিশ্বে বায়ুদূষণে শীর্ষে রাজধানী ঢাকা, মান ‘খুবই অস্বাস্থ্যকর’
ছবি: সংগৃহীত
০৮:২৫ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
শীতের বিদায় ঘণ্টা বাজিয়ে চলে এসেছে বসন্ত। এ সময় বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটে। কিন্তু গত বছরের ডিসেম্বরের শেষ দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর আর দেখা মেলেনি। এই অনাবৃষ্টির কারণে আবহাওয়া হয়ে পড়েছে শুষ্ক। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা বায়ুদূষণের তালিকার প্রথমদিকেই অবস্থান করছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৭৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা।
বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
এদিকে, একই সময়ে ২৬৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এছাড়া ভারতের দিল্লি শহর ১৯৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে, ১৯৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর, পঞ্চম অবস্থানে থাকা চীনের ইউহান শহরের স্কোর ১৭২।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এমআই/এসএন