© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রমজানে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে নতুন সময়সূচি, লেনদেনের সময় কখন?

শেয়ার করুন:
রমজানে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে নতুন সময়সূচি, লেনদেনের সময় কখন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৮ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
রমজান মাসে সেহেরি ও ইফতারের সময় বিবেচনা করে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে লেনদেন চলবে নতুন সময়সূচি অনুযায়ী।

সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো।

মূলত হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিস্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার।

তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো তাদের নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করার নির্দেশনা দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সময় অনুযায়ী রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।

ফলে দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠানে নতুন সময় অনুযায়ী রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। ফলে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

ট্রেজারি বিল-বন্ড, আন্তঃব্যাংক রেপোতে লেনদেন

এদিকে, পবিত্র রমজান মাসে বাংলাদেশ সরকার ট্রেজারি বিল-বন্ড, সুকুক ও বাংলাদেশ সরকার ইসলামিক বিনিয়োগ বন্ড (বিজিআইআইবি) অকশন, ওপেন মার্কেট অপারেশন, ইন্টার ব্যাংক রেপো, সেকেন্ডারি ট্রেড (ওটিসি অ্যান্ড টিডব্লিউএস) এবং ইডিএসমানি প্ল্যাটফর্মে লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী কার্যক্রমগুলো যেভাবে চলবে

ট্রেজারি বিল ও বন্ডের নিলাম: ট্রেজারি বিল-বন্ড, সুকুক, বিজিআইআইবি, বাংলাদেশ ব্যাংক বিল অকশনের নিলাম অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।

ইসলামিক ব্যাংক লিকুইডিটি ফ্যাসিলিটি (আইবিএলএফ): এই সুবিধার আওতায় লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।

সেন্ট্রাল ব্যাংক রেপো ও স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ): কেন্দ্রীয় ব্যাংকের রেপো এবং এসডিএফের সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৯টা থেকে দুপর দেড়টা পর্যন্ত।

স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ): এই সুবিধা পাওয়া যাবে দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

আন্তঃব্যাংক রেপো ও ওটিসি: ইন্টার ব্যাংক রেপো এবং সেকেন্ডারি ট্রেড (ওটিসি) সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে চলবে দুপুর ২ টা পর্যন্ত।

টিডব্লিউএস: সেকেন্ডারি ট্রেডের এই প্ল্যাটফর্মে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে দুপর দেড়টা পর্যন্ত।

এছাড়াও, ইডিএসমানি প্ল্যাটফর্মের যাবতীয় কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালনা করা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি

রমজান মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য কর্মদিবসে নতুন সময়সূচি অনুযায়ী বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস ব্যাচ (বিএসিপিএস ও বিইএফটিএন) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (আরটিজিএস) কার্যক্রম পরিচালিত হবে।

​বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (ব্যাচ) লেনদেন বিএসিপিএসের মাধ্যমে হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর দেড়টার মধ্যে নিষ্পত্তি হবে।

আর রেগুলার ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে দুপুর ৩ টার মধ্যে। তবে উল্লিখিত দিনগুলোতে বিইএফটিএনের তিনটি সেশন আগের সময়সূচি অনুযায়ী চলবে। আর আরটিজিএসের মাধ্যমে সময়সূচি হবে-
​সাধারণ গ্রাহক লেনদেন: সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টাকা পাঠানো যাবে। বৈদেশিক মুদ্রার (এফসি) ক্ষেত্রেও এই সময় দুপুর আড়াইটা পর্যন্ত।

​অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে: গ্রাহকরা অনলাইনে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

​আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন: এক ব্যাংক অন্য ব্যাংকের সঙ্গে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত লেনদেন করতে পারবে। বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে এই সময় বিকেল ৩টা পর্যন্ত।

পুঁজিবাজার

রমজান মাসের জন্য পরিবর্তন আনা হয়েছে পুঁজিবাজারের লেনদেনের সময়সূচিতেও। এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসিতে লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত চলবে।

পোষ্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত। তবে অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

এসকে/এসএন

মন্তব্য করুন