© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় জোর, অগ্রাধিকার পাবে প্রান্তিক জনগোষ্ঠী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় জোর, অগ্রাধিকার পাবে প্রান্তিক জনগোষ্ঠী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৮ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
দেশের স্বাস্থ্য ব্যবস্থায় কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে চিকিৎসাভিত্তিক বা চিকিৎসাকেন্দ্রিক সেবার পাশাপাশি প্রতিরোধমূলক ও স্বাস্থ্য উন্নয়নমূলক স্বাস্থ্যসেবায় সমান গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন নতুন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশের একটি গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু বড় বড় হাসপাতাল নির্মাণ করলেই হবে না; মানুষের অসুস্থ হওয়ার হার কমাতে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা জোরদার করতে হবে। বিএনপির ঘোষিত স্বাস্থ্য সংস্কার কর্মসূচিতে অন্যতম প্রধান বিষয় হবে চিকিৎসাভিত্তিক স্বাস্থ্যের পাশাপাশি প্রতিরোধমূলক ও স্বাস্থ্য উন্নয়নমূলক স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করা। এতে মানুষ সুস্থ থাকবে এবং দীর্ঘমেয়াদি বা দীর্ঘস্থায়ী রোগের প্রকোপ কমানো সম্ভব হবে।

বর্তমানে অধিকাংশ অসুস্থতা ও মৃত্যুর পেছনে দীর্ঘস্থায়ী রোগ বড় কারণ উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে জীবনযাত্রার পরিবর্তন, স্বাস্থ্য উন্নয়ন ও স্বাস্থ্যশিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে, স্বাস্থ্যখাতের উন্নয়ন শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একক দায়িত্ব নয়; সংশ্লিষ্ট আরও দু-তিনটি মন্ত্রণালয়ের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এম এ মুহিত বলেন, তিনি যে আস্থা রেখেছেন, সেই আস্থা ধরে রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণ করাই আমাদের লক্ষ্য।

দেশবাসীর জন্য তাৎক্ষণিক কোনো ঘোষণা দেওয়া এখনই সময়োপযোগী নয় উল্লেখ করে তিনি বলেন, মূল অগ্রাধিকার হবে স্বাস্থ্যখাতে বৈষম্য কমানো। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানান।

এসকে/এসএন

মন্তব্য করুন