© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

শেয়ার করুন:
আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৩ এএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
শিল্পাঞ্চল আশুলিয়ায় আধিপত্য বিস্তার ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ৩ জন আহতের পাশাপাশি ৬-৭টি মোটরসাইকেল ভাঙ্গচুর করা হয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার দি রোজ ড্রেসেস লিমিটেডের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত ৩ জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি বকুল ভুঁইয়া ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনির অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। এরই বৃহস্পতিবার সংঘর্ষের আগে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ অবস্থান নেয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, গত ৫ আগস্টের আগে এই কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার।

পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাবসাটি নিয়ন্ত্রণের ভার নেয় সাবেক ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রনি। ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর স্থানীয়ভাবে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুই গ্রুপের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষে রূপ নেয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করি।

বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরআই/টিএ

মন্তব্য করুন