মন্ত্রিসভায় ড. মুহিত: অভিনন্দন জানালো গ্লোবাল সেরিব্রাল পালসি রেজিস্টার
ছবি: সংগৃহীত
০১:২৪ এএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
নতুন সরকারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় প্রফেসর ডা. এম এ মুহিতকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গ্লোবাল লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ সেরিব্রাল পালসি রেজিস্টার।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ) সংগঠনটির লিঙ্কডইন পোস্টে শুভেচ্ছা জানান।
এই নিয়োগকে ‘গ্লোবাল সিপি কমিউনিটির জন্য গর্বের একটি মুহূর্ত’ হিসেবে উল্লেখ করে পোস্টে বলা হয়, প্রফেসর মুহিত বাংলাদেশ সেরিব্রাল পালসি রেজিস্টারের (বিসিপিআর) অন্যতম প্রধান গবেষক এবং গ্লোবাল এলএমআইসি সেরিব্রাল পালসি রেজিস্টারের লিড ইনভেস্টিগেটর।
তার নেতৃত্বে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে শিশুদের সেরিব্রাল পালসি (সিপি) নিয়ে ডেটা-ভিত্তিক গবেষণা, সার্ভেইল্যান্স সিস্টেমের শক্তিশালীকরণ এবং সমতাভিত্তিক স্বাস্থ্য গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
পোস্টে আরও বলা হয়েছে, এই নিয়োগ প্রফেসর মুহিতের জনস্বাস্থ্য, প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি এবং স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রমাণ। তার গবেষণা ও স্বাস্থ্য ব্যবস্থা-সংক্রান্ত অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে শিশু স্বাস্থ্য এবং প্রতিবন্ধিতা বিষয়ক অগ্রাধিকারকে আরও উন্নত করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, প্রফেসর ডা. এম এ মুহিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণের পর মন্ত্রিপরিষদ বিভাগের গেজেটে তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
আইকে/টিএ