সহঅভিনেতাদের নিয়ে ঈর্ষা, সম্পর্ক ভাঙার গল্প শোনালেন ম্রুণাল ঠাকুর
ছবি: সংগৃহীত
০৮:৫১ এএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
চলচ্চিত্রের প্রচারণায় এসে ব্যক্তিজীবনের এক খোলামেলা অভিজ্ঞতার কথা জানালেন মৃণাল ঠাকুর। অতীতের এক সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি জানান, পেশাগত সাফল্য ও সহঅভিনেতাদের জনপ্রিয়তা কীভাবে তাঁর ব্যক্তিগত সম্পর্কে অস্বস্তি তৈরি করেছিল।
মৃণাল জানান, স্ক্যান্ডিনেভিয়ার এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সে সময় তিনি বলিউডের জনপ্রিয় নায়ক হৃত্বিক রোশন ও শাহিদ কাপুর–এর সঙ্গে কাজ করছিলেন। বিষয়টি তাঁর তৎকালীন প্রেমিক সহজভাবে নিতে পারেননি। পর্দায় সহঅভিনেতাদের উপস্থিতি ও শারীরিক গঠনের সঙ্গে নিজেকে তুলনা করতে গিয়ে তিনি গভীর অনিরাপত্তায় ভুগতে শুরু করেন।
অভিনেত্রীর ভাষ্য, তাঁর সাবেক সঙ্গী মনে করতেন সহঅভিনেতাদের সঙ্গে যেন তাঁকে প্রতিযোগিতায় নামতে হচ্ছে। সেই চাপ থেকে নিজেকে বদলে ফেলতে মরিয়া হয়ে ওঠেন তিনি। কঠোর শরীরচর্চা ও খাদ্যনিয়ন্ত্রণের মাধ্যমে প্রায় ১৫ কেজি ওজন কমান। তবে এই পরিবর্তন ছিল আত্মপ্রেরণা থেকে নয়, বরং হীনম্মন্যতা ও ঈর্ষা থেকে জন্ম নেওয়া এক তাড়না।

একপর্যায়ে এই চাপ সামলানো তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ে। আগের ওজনে ফিরে যাওয়ার পাশাপাশি তিনি স্বীকার করেন, অবাস্তব তুলনার পেছনে ছোটা সম্ভব নয়। মৃণাল স্পষ্ট করে বলেন, তিনি কখনোই তাঁর সঙ্গীকে বদলে যেতে বলেননি। পুরো ঘটনাই ছিল তাঁর প্রেমিকের নিজের ভেতরের দ্বন্দ্ব ও ঈর্ষার ফল।
অভিনেত্রী আরও জানান, এই বাস্তব অভিজ্ঞতার সঙ্গে তাঁর নতুন ছবির গল্পের একটি অদ্ভুত মিল রয়েছে। ছবিটিতে সম্পর্কের ভেতরের আবেগ, অনিরাপত্তা ও মানসিক টানাপোড়েনের বিষয়টি উঠে এসেছে। ব্যক্তিগত জীবনের সেই অধ্যায় সামনে এনে মৃণাল আবারও বোঝালেন, সম্পর্কে টিকে থাকার মূল ভিত্তি আত্মমর্যাদা ও বিশ্বাস অন্যের সঙ্গে তুলনা নয়, আত্মবিশ্বাসই ভালোবাসাকে দীর্ঘস্থায়ী করে।
এসএস/এসএন