কেরিয়ারের শুরুতেই হেনস্থার মুখোমুখি হয়েছিলেন নীনা গুপ্ত!
ছবি: সংগৃহীত
১০:৩৮ এএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্ত সম্প্রতি এক সাক্ষাৎকারে কেরিয়ারের শুরুর দিকে এক পরিচালক তাঁকে হেনস্থা করেছিলেন সেই ঘটনা প্রকাশ করেছেন। সাহসী পোশাক পরা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য প্রায়ই কটাক্ষের শিকার হলেও নীনা খোলাখুলি তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
নীনা বলেন, “আমি তখন ইন্ডাস্ট্রিতে নতুন। এক পরিচালক আমাকে অশালীন মন্তব্য করে হেনস্থা করেছিলেন। তিনি ভেবেছিলেন, আমি নতুন, তাই প্রভাবিত করা সহজ হবে। কিন্তু সেটা তিনি করতে পারেননি। তিনি সবার সামনে খারাপ কথা বলেছিলেন। আমি খুব রেগে গিয়েছিলাম।”
৬৬ বছর বয়সী নীনা আরও জানিয়েছেন, সাহসী পোশাক পরার জন্য অনেকেই কটাক্ষ করেন। তিনি বলেন, “যে মহিলারা মন্তব্য করে, ওরা আসলে হিংসে করে। ওরাও এমন পোশাক পরতে চায়, কিন্তু পারে না। বেশিরভাগ মানুষ পোশাক দেখে একজনের চরিত্র বিচার করে।”

নিজের অভিজ্ঞতা স্মরণ করে নীনা বলেন, “আমি জানতাম কেউ আমার কথা শুনবে না। তিনি বড় পরিচালক ছিলেন। তখন সমাজমাধ্যম ছিল না, শুধু সংবাদমাধ্যম। আমি সেই পরিচালকের নাম উল্লেখ করে ঘটনাটি প্রকাশ করেছি। এটা হয়তো আমার বোকামি ছিল। এরপর তিনি আমার সম্পর্কে আরও বাজে ও নোংরা কথা বলেছিলেন। কিন্তু কেউ আমার কথা শোনেনি, কারণ তিনি বেশি পরিচিত ও ক্ষমতাশালী ছিলেন।”
নীনার এই খোলাখুলি স্বীকৃতি শুধুই ব্যক্তিগত নয়, বরং সিনেমা জগতে নারী শিল্পীদের প্রতি ক্ষমতা ও আচরণের বিষয়ে এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। সাহসী পোশাক পরা এবং পেশাদারিত্ব বজায় রাখার জন্য নীনার এই দৃঢ় অবস্থান উদাহরণ হয়ে উঠেছে।
এমকে/এসএন